আদম তমিজী হক কারাগারে

আলোচিত ব্যবসায়ী আদম তমিজী হকে কারাগারে পাঠিয়েছেন আদালত। রাজধানীর দক্ষিণখান থানার সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। 

আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তাহমিনা হক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে আগামী ১০ জানুয়ারি জামিন শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।

বেলা ৩টা ২০ মিনিটের দিকে রিহ্যাব সেন্টার থেকে আদালতে হাজির করা হয় আদম তমিজী হককে। মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) সোশ্যাল মিডিয়া ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পরিদর্শক মো. রেজাউল করিম আদালতের নির্দেশ অনুযায়ী তাকে হাজির করেন। এর পর ঢাকার সিএমএম আদালতের হাজতখানায় রাখা হয়। সাড়ে ৩টার দিকে তাকে এজলাসে তোলা হয়। 

গত ১০ ডিসেম্বর রাতে রাজধানীর গুলশানে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারের পর তার আচরণ ও কথা অসংলগ্ন মনে হওয়ায় তাকে মাদক নিরাময়কেন্দ্রে পাঠায় ডিবি।