জাতীয় সংসদের হুইপ ও দিনাজপুর-৩ আসনের নৌকার প্রার্থী ইকবালুর রহিম বলেছেন, দেশের জনগণ নৌকা মার্কায় ভোট দিয়েছে বলেই মানুষ শান্তিতে আছে। অসহায় মানুষেরা পাচ্ছে সরকারের বিভিন্ন ধরনের ভাতা। ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আজ আলোকিত বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার দিনাজপুর সদর উপজেলার কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, নৌকা ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়। বিএনপি-জামায়াতের তলাবিহীন ঝুড়ির বাংলাদেশকে শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশে পরিণত করা হয়েছে। দ্বাদশ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত হলে স্মার্ট বাংলাদেশ গড়ে তোলা হবে। প্রতিটি গ্রামই এক একটি নগর হিসেবে গড়ে উঠবে। গ্রামের মানুষও উন্নত জীবন পাবে সেটা শেখ হাসিনা সরকার নিশ্চিত করবে। সমগ্র বাংলাদেশই হবে উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ।
তিনি আরো বলেন, বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তোরণ ঘটেছে। সামাজিক নিরাপত্তা বেষ্টনী বিস্তৃত করতে বয়স্ক, বিধবা, স্বামী পরিত্যক্ত ও দুস্থ মহিলা ভাতা, অস্বচ্ছল প্রতিবন্ধী ভাতা, মাতৃকালীন ভাতাসহ ভাতার হার ও আওতা ব্যাপকভাবে বৃদ্ধি করা হয়েছে। বিএনপি-জামায়াতের সকল ষড়যন্ত্র মোকাবেলা করেই বঙ্গবন্ধু কন্যা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ষড়যন্ত্র করে শেখ হাসিনার উন্নয়নকে বাধাগ্রস্ত করা যাবে না। জনগণ বিএনপি-জামায়াতের নৈরাজ্য ও সন্ত্রাসকে প্রত্যাখ্যান করেছে।
তিনি বলেন, বাংলাদেশে কেউ ভূমিহীন, কেউ গৃহহীন থাকবে না। আওয়াম লীগ ক্ষমতায় এলেই দেশের উন্নয়ন হয়। বিনামূল্যে বই ও প্রাথমিক থেকে উচ্চশিক্ষা পর্যন্ত উপবৃত্তির ব্যবস্থা করে দিয়েছে শেখ হাসিনা সরকার। মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে এই নৌকা। নৌকায় ভোট দিলে বিএনপির তলাবিহীনঝুড়ির দেশ এখন উন্নত দেশের কাতারে পৌঁছে যাবে। হুইপ ইকবালুর রহিম দেশের উন্নয়নের স্বার্থে আবারও নৌকা মার্কার ভোট প্রার্থনা করেন।
কমলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. মনিরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আহাসান হাবিব সরকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ইমদাদ সরকার, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, বীর মুক্তিযোদ্ধা লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের জেলা শাখার সাধারণ সম্পাদক রতন সিং প্রমুখ।