স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সব পর্যায়ে একক প্রার্থী দিবে: হুইপ দুলু

দুলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার গত ১৭টা বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে।

আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৬ পিএম

জাতীয় সংসদের হুইপ ও নাটোর ২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি সকল পর্যায়ে একক প্রার্থী দিবে। একই উপজেলা, পৌরসভা ও ইউনিয়নে বিএনপির একের অধিক প্রার্থী দাঁড়ানোর কোন সুযোগ নেই। যিনি সবচেয়ে জনপ্রিয় তাকেই দলীয় মনোনয়ন দেওয়া হবে। তিনি বলেন, কোন ভাবেই এর ব্যতিক্রম করা হবে না। যে সকল ত্যাগী নেতারা মনোনয়ন পাবেন না, তাদের অবস্থান বিবেচনা করে উপজেলা পৌরসভা ও ইউনিয়ন বিএনপির গুরুত্বপূর্ণ পদ দেওয়া হবে। ত্যাগী কোন নেতাকেই বঞ্চিত করা হবে না।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে জেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত দোয়া মাহফিল এবং দুপুর ১২ টার দিকে নলডাঙ্গা উপজেলার মাধনগর ডিগ্রী কলেজের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান টুকুর দ্রুত সুস্থ্যতা কামনা ও নাটোর জেলা বিএনপির প্রয়াত আহবায়ক আমিনুল হকের চতুর্থ মৃত্যু বার্ষিকী উপলক্ষে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

আগামী নির্বাচনে আরও সক্রিয় হওয়ার আহবান জানিয়ে দুলু বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাথে জামায়াতের ব্যবধান আমাদের বুঝতে হবে। জামায়াতে ইসলামী তালিমের নামে তাদের নারী কর্মীদের মাঠে নামিয়েছে। তারা বাড়ি বাড়ি গিয়ে জামায়াতে ভোট দিলে জান্নাত যাওয়ার লোভ দেখায়। বিএনপি প্রার্থীর নারী ভোট তারা নিয়ে নিলে অবাক হওয়ার কিছু থাকবে না। তাই বিএনপি নেতাকর্মী সবাইকে এসব বিষয়ে সচেতন থাকতে হবে।

দুলু আরও বলেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকার গত ১৭টা বছরে দেশের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। তাই তারেক রহমানের নেতৃত্বে বর্তমান বিএনপি সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় এসে বাজেটে শিক্ষাখাতে সবচেয়ে বেশি বরাদ্দ দিয়েছে।

তিনি বলেন, একটা জাতিকে ধ্বংস করতে হলে সবচেয়ে বড় প্রয়োজন তার শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া। বাংলাদেশের মানুষ যেন এগিয়ে না যেতে পারে, বাংলাদেশের মানুষ যেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে না পারে এইজন্য তারা আমাদের দেশের শিক্ষা ব্যবস্থা ধ্বংস করে দিয়েছে। আমাদের সন্তানদের তারা মূর্খ বানিয়ে রাখতে চেয়েছে। আন্তর্জাতিক ষড়ন্ত্রকারীদের সাথে আঁতাত করে আগের ফ্যাসিষ্ট আওয়মী লীগ সরকার আমাদের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়ে গেছে।

নাটোর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক রহিম নেওয়াজের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মোস্তাফিজুর রহমান শাহিন, সাইফুল ইসলাম আফতাব, নাটোর পৌরসভার সাবেক মেয়র কাজী শাহ আলম ও এমদাদুল হক আল মামুন এবং নাটোর জেলা যুবদল সভাপতি এ হাই তালুকদার ডালিম ও মাধনগর ডিগ্রি কলেজের অধ্যক্ষ খন্দকার আব্দুল মালেক প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত