স্টাম্পিংয়ে নতুন নিয়ম আইসিসির

নতুন বছরের শুরুতেই ক্রিকেটের নিয়মে দুটি বদল আনার ঘোষণা দিয়েছে আইসিসি। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার সর্বশেষ সংশোধনীতে স্টাম্পিং আউট ও কনকাশন (মাথায় আঘাত) বদলির ক্ষেত্রে নতুন নিয়ম চালুর বিষয়টি জানানো হয়েছে। গত ১২ ডিসেম্বর থেকে তা কার্যকর হয়েছে বলে জানিয়েছে আইসিসি।

আগে কোনো ব্যাটসম্যানের বিপক্ষে স্টাম্পড আউটের আবেদন করে রিভিউ নিলে, তখন দেখা হতো তার ব্যাট ছুঁয়ে ক্যাচ উইকেট রক্ষকের হাতে গেছে কি না। ফলে একবার সামনে থেকে এবং আরেকবার পাশ থেকে রিভিউ দেখতেন থার্ড আম্পায়ার। সেটি আর হবে না। স্টাম্পিংয়ের আবেদনে কেবল ব্যাটসম্যান ক্রিজে আছেন কি না সেটা দেখা হবে।

কনকাশন নিয়মেও পরিবর্তন এনেছে আইসিসি। কোনো দলের বোলার যদি চোটের কারণে উঠে যান এবং পরিবর্তে অন্য বোলার নামেন, তখন তার বল করার ওপরও শর্ত রয়েছে। বদলি বোলার তখনই বল করতে পারবেন, যদি আগের বোলার বল করার সময় চোট পান। যদি অন্য কোনো সময় তিনি চোট পান, তাহলে বদলি হিসেবে বিকল্প কোনো বোলার নামলেও তিনি বল করতে পারবেন না।