ঘন কুয়াশার কারণে মেঘনা নদীতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর ইউনিয়নের এখলাসপুর নামক স্থানে এম ভি সুন্দরবন ১৬ লঞ্চ ও কোস্টার জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্ঘটনা কবলিত এম ভি সুন্দরবন ১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন।
চাঁদপুরের নৌ-পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান এ বিষয়ে বলেন, যাত্রীদের উদ্ধার ও নিরাপত্তা দিতে চাঁদপুর সদর ও মোহনপুর নৌ-পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। লঞ্চ ও কার্গো দুটিই ক্ষতিগ্রস্ত হয়েছে। লঞ্চটি এখলাছপুরের একটি চরে নোঙর করা হয়েছে। যাত্রীরা নিরাপদে আছেন। তাদের উদ্ধারে কাজ চলছে।
এম ভি সুন্দরবন ১৬ লঞ্চের সুপারভাইজার ইসমাইল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে আমরা একেবারেই কম গতিতে বরিশালের দিকে যাচ্ছিলাম। হঠাৎ করেই মোহনপুরের পরে এবং চাঁদপুরের আগে এখলাসপুর নামক জায়গায় একটি কোস্টার জাহাজ এসে লঞ্চে সজোরে ধাক্কা দেয়। এর ফলে লঞ্চের একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। যদিও এই ঘটনায় বড় ধরনের কোনো হতাহত হয়নি। একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, বড় দুর্ঘটনা থেকে বাঁচতে সংঘর্ষের পরে এম ভি সুন্দরবন ১৬ লঞ্চ পাশের চড়ে উঠিয়ে দেওয়া হয়। আর যাত্রীদের উদ্ধার করে বরিশাল পৌঁছে দেওয়ার জন্য ঢাকা থেকে ঘটনাস্থলে এম ভি সুন্দরবন ১৪ লঞ্চ রওয়ানা দিয়েছে।
অন্যদিকে দুর্ঘটনার কবলে পড়া লঞ্চটি উদ্ধারে ঢাকা থেকে সুন্দরবন-১৪ যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন লঞ্চটির সুপারভাইজার মো. ইউনুস।