টেসলার প্রতিদ্বন্দ্বী চীনের বিওয়াইডি

বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত বিদ্যুচ্চালিত গাড়ি (ইভি) প্রস্তুতকারক হিসেবে ইলন মাস্কের কোম্পানি টেসলার শীর্ষস্থানটি দখলে নেওয়ার লক্ষ্যে আরও এক ধাপ এগিয়ে গেছে চীনা বহুজাতিক উৎপাদক কোম্পানি বিওয়াইডি। ২০২৩ সালের শেষ প্রান্তিকেই তারা রেকর্ড পাঁচ লাখ ২৬ হাজার ব্যাটারিচালিত গাড়ি বিক্রি করেছে, যা ডিসেম্বরে কোম্পানির বিক্রি ৭০ শতাংশ বাড়ানোর ক্ষেত্রে সহায়ক ভূমিকা রেখেছে।

এদিকে, শেনজেনভিত্তিক কোম্পানি বিওয়াইডি বলেছে, গত বছর তারা সর্বমোট ৩০ লাখের বেশি ‘নিউ এনার্জি ভেহিকল (এনইভি)’ বিক্রি করেছে। এনইভি বলতে কোম্পানিটি পুরোপুরি বিদ্যুচ্চালিত ও হাইব্রিড শ্রেণির গাড়ির মিলিত শ্রেণিকে বোঝায়। সে সঙ্গে কোম্পানিটি বলেছে, তাদের মোট বিক্রির মধ্যে প্রায় ১৬ লাখ গাড়িই ছিল পুরোপুরি বিদ্যুচ্চালিত।

এ শিল্পের বিশ্লেষকরা অনুমান করছেন, ২০২৩ সালের শেষ প্রান্তিকে প্রায় ৪ লাখ ৮৩ হাজার বিদ্যুচ্চালিত গাড়ি বিক্রি করেছে টেসলা। আর গোটা বছরের হিসাবে, তাদের ইভি বিক্রি ছিল ১৮ লাখ ২০ হাজার। গত বছরের জানুয়ারিতে মাস্ক বলেছিলেন, ২০২৩ সালে ২০ লাখ গাড়ি বিক্রির লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা আছে টেসলার। তবে এরপর থেকেই গাড়ির খরচ বেড়ে যাওয়ায় এর চাহিদা কমে আসতে পারে বলে সতর্ক করে আসছেন তিনি।

১৯৯৫ সালে চীনের শেনজেনে নিজের কাজিনের সঙ্গে বিওয়াইডি প্রতিষ্ঠা করেছিলেন কোম্পানির প্রধান নির্বাহী ওয়াং চুয়ানফু। ২০০৮ সাল থেকেই কোম্পানির শেয়ার মালিক হিসেবে অবস্থান করছে মার্কিন ধনকুবের ওয়ারেন বাফেটের কোম্পানি বার্কশায়ার হ্যাথাওয়ে। বিশ্লেষকরা বলছেন, বিওয়াইডির মূল ব্যাটারি ব্যবসা কোম্পানির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি ইভি তৈরির ক্ষেত্রে সবচেয়ে দামি কাঁচামালও এ ব্যাটারিই। আর, কোম্পানি নিজেই ব্যাটারি উৎপাদক হওয়ায় খরচ অনেকাংশে কমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে বিবিসি। এর বিপরীতে, বিওয়াইডির প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে ব্যাটারির জন্য নির্ভর করতে হয় থার্ড পার্টি উৎপাদকদের ওপর।