গোপীবাগে ট্রেনে আগুনের দুর্ঘটনায় নিহত চারজনের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
পুলিশ ও হাসপাতার কর্তৃপক্ষ নিহতদের পরিচয় এখনও শনাক্ত করেনি। তবে নিখোঁজ চারজনের পরিবার হাসপাতালে আসলেও তারাও লাশ শনাক্ত করতে পারেনি এখনও।
নিখোঁজ পরিবার বলছে নাতাশা জেসমিন নেকি (২৫), এলিনা ইয়াসমিন (৩০), চন্দ্রিমা চৌধুরী সৌমি (২৭) ও আবু তালহা (২৫) নামে চারজনকে পাচ্ছেন না তারা।
ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপপরিদর্শক (এসআই) সেতাফুর রহমান জানান, মরদেহ ৪টি পুড়ে অঙ্গার হয়ে গেছে। প্রাথমিকভাবে দেখে এদের মধ্যে একজন পুরুষ এবং বড় চুল দেখে একজনকে নারী হিসেবে শনাক্ত করা গেছে। বাকি দুজন পুরুষ না কি নারী তা দেখে বুঝার উপায় নেই।
তিনি বলেন, শনিবার ময়নাতদন্ত হবে এবং ডিএনএ নমুনা সংগ্রহ করে তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করা হবে।
এছাড়া ওই ট্রেনে দগ্ধ হয়ে আটজন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছে। তারা হলেন আসিফ মোহাম্মদ খান (৩০), ডা. কৌশিক বিশ্বাস (৩২), নাফিজ আলম (২২), মাসুদ রানা (৩১), ডেইজি আক্তার রত্মা (৪০), রেহান (০৬), দিহান (১১) এবং ইকবাল (৪৮)।
ইনস্টিটিউটের প্রধান সমন্বয়কারী ডা. সামন্ত লাল সেন শনিবার সাংবাদিকদের বলেন, গোপীবাগে ট্রেনে আগুনের ঘটনায় ভর্তি আটজনের কেউ শঙ্কামুক্ত নন। সবারই শ্বাসনালী দগ্ধ হয়েছে।