ডেঙ্গু আক্রান্ত হয়ে সিরিজ থেকে ছিটকে গেলেন নিশাঙ্কা

আজ থেকে জিম্বাবুয়ের বিপক্ষে সব ফরম্যাটের পূর্ণাঙ্গ সিরিজ শুরু করছে শ্রীলঙ্কা। ইতোমধ্যে তিন ফরম্যাটেই ভিন্ন তিন অধিনায়ক বানিয়ে দল দিয়েছে লঙ্কানরা। কিন্তু মাঠের লড়াইয়ে নামার আগে ডেঙ্গু আক্রান্ত হয়ে ছিটকে গেছেন ওপেনার পাথুম নিশাঙ্কা।

কলম্বোয় প্রথম ওয়ানডে দিয়ে আজ শ্রীলঙ্কা-জিম্বাবুয়ের এই সিরিজ শুরু হচ্ছে। ফরম্যাটটির জন্য ঘোষিত স্কোয়াডে ছিলেন নিশাঙ্কা। তিনি ছিটকে যাওয়ায় তার বদলি হিসেবে ডাক পেয়েছেন ১৯ বছর বয়সী শেভন ড্যানিয়েল। তিনি এখন পর্যন্ত জাতীয় দলের জার্সিতে একটি টি-টোয়েন্টি খেলেছেন, এখনও ওয়ানডেতে অভিষেক হয়নি।

এক বিবৃতিতে লঙ্কান ক্রিকেট বোর্ড (এসএলসি) নিশাঙ্কার অসুস্থতার খবর জানিয়ে বলছে, চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। তিনি ছিটকে গেলেও দলে আগে থেকেই ব্যাকআপ ওপেনার আছে। আজকের ম্যাচে ওপেনিংয়ে দেখা যেতে পারে আভিষ্কা ফার্নান্দো ও অধিনায়ক কুশল মেন্ডিসকে। নতুন করে দলে আসা ড্যানিয়েল সবশেষ লিস্ট ‘এ’ ম্যাচেও পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলেছেন। তবুও জিম্বাবুয়ের বিপক্ষে খেলার নিশ্চয়তা নেই এই ওপেনারের। মূলত সম্ভাবনার কথা মাথায় রেখেই দলে নেওয়া হয়েছে তাকে।