বগুড়ার নন্দীগ্রামে নির্বাচন বিরোধী মশাল মিছিলে পুলিশের ধাওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া পৃথক এলাকা থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন এ ঘটনায় আতঙ্ক ছাড়ানোর চেষ্টা প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
আজ শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে পৌর সদরের বাসস্ট্যান্ডের কলেজ গেট এলাকায় ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এক ব্যক্তির কাছ ঘেঁষে গেলেও সেটি বিস্ফোরিত হয়নি। এ ঘটনায় স্থানীয় দোকানি ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের সহযোগিতায় একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পৌর সদরের দামগাড়ার মাথা এলাকার বগুড়া-নাটোর মহাসড়কে নির্বাচনবিরোধী মশাল মিছিল বের করে দুর্বৃত্তরা। খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া দেয় পুলিশ। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজমগীর হোসাইন আজম জানান, কলেজ গেট এলাকা থেকে একটি ককটেল সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। কারা এটি নিক্ষেপ করেছে তাদের সনাক্ত করার চেষ্টা এবং তদন্ত করা হচ্ছে। দামগাড়া সড়কের মাথা এলাকায় কয়েকজন দুর্বৃত্ত মশাল মিছিল করার চেষ্টা করেছিল। তাদের অপচেষ্টা প্রতিহত করেছে পুলিশ।