বগুড়ায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

আপডেট : ০৬ জুন ২০২৬, ০৬:১৩ পিএম

বগুড়ার নন্দীগ্রাম ও শিবগঞ্জে পৃথক দুটি ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় লুণ্ঠিত একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন, নগদ ৫ হাজার ৫০০ টাকা, ৭ দশমিক ৫ আনা স্বর্ণালংকার এবং কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়েছে। শনিবার (৬ জুন) দুপুরে জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার এতথ্য নিশ্চিত করেছেন।

ডিবি পুলিশ জানায়, গত ১২ মে গভীর রাতে নন্দীগ্রাম উপজেলার বীরপলি ফকিরপাড়া এলাকায় রশিদুল আলমের বাড়িতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল প্রবেশ করে। তারা মোটরসাইকেল, স্বর্ণালংকার, মোবাইল ফোন, টেলিভিশন ও নগদ টাকা লুট করে নিয়ে যায়। এ ঘটনায় নন্দীগ্রাম থানায় মামলা দায়ের করা হয়।

এ ঘটনায় তদন্তের একপর্যায়ে ডিবি পুলিশ শুক্রবার রাতে (৫ জুন) কাহালু, দুপচাঁচিয়া ও সদর উপজেলায় অভিযান চালিয়ে মো. আসলাম সাকিদার (২৭), মো. জিয়ারুল ইসলাম ওরফে জিয়াউর রহমান (৪৬) এবং মো. সাইদুর মণ্ডল ওরফে মগাকে (৩৬) গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়।

অপরদিকে, গত ৩১ মে গভীর রাতে শিবগঞ্জ উপজেলার দক্ষিণ দহপাড়া এলাকায় জিয়াউল হকের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা গৃহকর্তাকে আহত করে নগদ টাকা, স্বর্ণালংকার, স্মার্টফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র লুট করে নিয়ে যায়। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়।

পরে ডিবি পুলিশের পৃথক অভিযানে শিবগঞ্জ ও কাহালু এলাকায় অভিযান চালিয়ে মো. জুয়েল প্রামানিক (২৪) ও মো. আব্দুল ওহাবকে (২৮) গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৭ দশমিক ৫ আনা স্বর্ণালংকার, যার মধ্যে একটি স্বর্ণের চেইন ও একটি কানের দুল রয়েছে, পাশাপাশি কিছু ইমিটেশনের গহনা উদ্ধার করা হয়।

গোয়েন্দা শাখার ইনচার্জ ইন্সপেক্টর ইকবাল বাহার জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে আসলাম সাকিদারের বিরুদ্ধে পাঁচটি, জিয়ারুল ইসলামের বিরুদ্ধে একটি, সাইদুর মণ্ডলের বিরুদ্ধে দুটি এবং জুয়েল প্রামানিকের বিরুদ্ধে ১০টি মামলা বিচারাধীন।

তিনি আরও বলেন, বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত এ অভিযানে ডাকাত চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত