শরীয়তপুর সদর উপজেলার মুন্সিরহাট বেদেপল্লীতে ৩২৬টি ভোট থাকলেও সেখানে ভোট চাইতে যায়নি কোনো প্রার্থী। এমনকি কবে নির্বাচন তা-ও জানা নেই তাদের। ফলে তিনশ পরিবারের ঘর, দেয়াল, বা গাছে টানানো নেই কোনো পোস্টার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন বেদেপল্লীর ভোটাররা।
কীর্তিনাশা নদীর পাড়ে প্রায় ১০ একর জায়গায় বেদেপল্লীতে বসবাস করছে অন্তত দেড় হাজার মানুষ। দীর্ঘ ২৫ বছরের অধিক সময় ধরে বসবাস করায় অনেক বেদে এখানে জমি কিনে বাড়িঘর তুলে বসবাস করছেন। তবে এর মধ্যে কয়েকজনের আর্থিক অবস্থা ভালো থাকলেও বেশিরভাগই একেবারে নিম্ন আয়ের।
স্থানীয়রা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কড়া নাড়লেও বেদেপল্লীতে নেই ভোটের আমেজ। অন্য দিনের মতোই সময় কাটছে তাদের।
বেদেপল্লীর সদস্যরা জানান, কোনো প্রার্থী তাদের কাছে ভোট চাইতে যায়নি। কারা নির্বাচনে দাঁড়িয়েছে বা কি মার্কা তাদের এমন কোন ধারণাও নেই তাদের। এতে দুঃখ প্রকাশ করেছে অনেক ভোটার।
এ বিষয়ে জানতে চাইলে শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. নুহুন মাদবর বলেন, ‘মুন্সীরহাট বেদেপল্লীতে আমরা ভোট চাইতে গিয়েছিলাম। যারা পোস্টার লাগায় তাদের সেখানে পোস্টার লাগাতে বলা হয়েছিল। যদি না লাগিয়ে থাকে ঠিক করেনি।’
সদর উপজেলার সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাঈনুদ্দীন বলেন, প্রার্থীরা কেন বেদেপল্লীতে যায়নি সেটা আমাদের জানার কথা নয়। কিন্তু বেদেপল্লীর ভোটাররা দেশের নাগরিক। নাগরিক হিসেবে কারা প্রার্থী এটা তাদের জানা উচিত।