কুলাউড়ায় নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

মৌলভীবাজারের কুলাউড়ায় নির্মাণাধীন একটি তিনতলা ভবন থেকে নিচে পড়ে আনোয়ার মিয়া (২৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায়  আহত হয়েছেন আরও একজন শ্রমিক। শনিবার (৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে পৌর শহরের দক্ষিণ বাজারে এ ঘটনা ঘটে। নিহত আনোয়ার উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের ঘাগটিয়া গ্রামের মৃত জাবেদ আলীর ছেলে।

ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দক্ষিণ বাজারে মিতালি ফার্মেসির মালিকানাধীন একটি নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। ভবনের পাশ ঘেঁষে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আনোয়ার নিচে পড়ে যান। এ সময় আরেক শ্রমিক রুমন মিয়া (২৯) ভবনের ছাদে অজ্ঞান হয়ে পড়েন।

খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ও সিলেটে পাঠায়।পরে সিলেটে নেওয়ার পথে মারা যান আনোয়ার। কুলাউড়া থানার পরিদর্শক (তদন্ত) ক্যশৈন্যু বলেন, আনোয়ারের লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।