রাঙ্গামাটির কাউখালি উপজেলার কমলপতি ইউনিয়নের কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে ফাঁকা গুলি ছোড়ার খবর পাওয়া গেছে। শনিবার (০৬ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।
স্থানীয়রা জানান, এলাকাটিতে ইউপিডিএফ (প্রসিত খীসা) সমর্থিত দলের আধিপত্য বেশি। আঞ্চলিক দলটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন ভোটার যেন কেন্দ্রে না যায় সে বিষয়ে ইতিমধ্যে সর্তক ও ভয়ভীতি দেখিয়েছে। তাই তারা এলাকায় ভয় সৃষ্টি করতে ভোট কেন্দ্রের পাশে ২-৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়েছে।
তবে এ বিষয়ে তাৎক্ষণিক ইউপিডিএফ (প্রসিত খীসা) এর কোন বক্তব্য পাওয়া যায়নি।
কাউখালী উপজেলা নির্বাচন কর্মকর্তা অজয় চক্রবর্তী বলেন, কোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের পাশে গুলি ছোড়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা গিয়েছেন।
কাউখালি সহকারী রিটার্নিং কর্মকর্তা রক্তিম চৌধুরী জানান, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। এটি পাখি শিকার করার গুলি কি না আমরা সে বিষয়ে তদন্ত করছি। তবে এতে ভোটে কোন প্রভাব পড়বে না। আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করব এবং কেন্দ্রটিতে বিশেষ নজর রাখবো।