বগুড়ায় ভোট দেবেন ২৮ লাখের বেশি ভোটার

সকাল আটটা থেকে বগুড়ায় শুরু হয়েছে শান্তিপূর্ণ ভোটগ্রহণ। বগুড়া জেলা নির্বাচন অফিস সূত্র জানা যায়, বগুড়ার সাতটি আসনে মোট ভোটার ২৮ লাখ ২৮ হাজার ৩৪৪ জন। এর মধ্যে নারী ১৪ লাখ ২৪ হাজার ২৩ জন ও পুরুষ ১৪ লাখ চার হাজার ৩২১ জন। নারী ভোটার বেশি ১৯ হাজার ৭১১ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৬ জন। 

গত নির্বাচনের চেয়ে এবার ভোটার বেড়েছে দুই লাখ ৮১ হাজার ৫৫ জন। ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার ছিল ২৫ লাখ ৪৬ হাজার ৭৮৯ জন। আর কেন্দ্র ছিল ৯২৬টি। এবার ৪৩টি বেড়ে মোট কেন্দ্রে হয়েছে ৯৬৯টি।

বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ১২৪টি কেন্দ্রে ভোট দেবেন, তিন লাখ ৫৫ হাজার ১০৯ জন ভোটার, বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে ১১০ কেন্দ্রে তিন লাখ ২৬ হাজার ১৮৬ জন, বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনে ১১৭ কেন্দ্রে তিন লাখ ২২ হাজার ১৬৭ জন, বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে ১১৪ কেন্দ্রে তিন লাখ ৪৪ হাজার ৫১৪ জন, বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনে ১৮৮ কেন্দ্রে পাঁচ লাখ ৪০ হাজার ৬৮ জন, বগুড়া-৬ (সদর) আসনে ১৪৪ কেন্দ্রে চার লাখ ২৮ হাজার ৪২ জন ও বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে ১৭২ কেন্দ্রে পাঁচ লাখ ১২ হাজার ২৫৮ জন ভোটার।

শনিবার বগুড়া পুলিশ সুপার (পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি) সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছেন, বগুড়ার ৭টি আসনে যে কোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ১৫ হাজার সদস্য প্রস্তুত রয়েছে। ভোটের মাঠে তারা কাজ করবে।

বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম জানিয়েছেন, ভোটের দিন প্রতি কেন্দ্রে ১২ জন আনসার ও দু’জন পুলিশ সদস্য থাকবে। এছাড়া ১৫০টি স্ট্রাইকিং ফোর্স ও মোবাইল টিম, ২২ প্লাটুন বিজিবি সদস্য, সেনাবাহিনীর ২৮টি পেট্রোল টিম, ৩৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। বগুড়ার ৭টি আসনে ভোটের পরিবেশ সুন্দর রয়েছে। ভোট সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এবং ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোট প্রদান করবেন।

এদিন সকাল সাড়ে আটটার দিকে বগুড়া শহরের হাসনা জাহান বালিকা উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে সদর আসনের সংসদ সদস্য রাগেবুল আহসান রিপু তার ভোটাধিকার প্রয়োগ করেন। এ সময় তিনি বলেন, ভোটাররা নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। ভোটের পরিস্থিতি খুবই সুন্দর রয়েছে।