বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হিরো আলম (ডাব প্রতীক) অভিযোগ করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) জিয়াউল হক মোল্লার বিরুদ্ধে।
রোববার সকাল সাড়ে ৯টার দিকে বগুড়া-৬ সদর আসনের এরুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন ও প্রমাণস্বরুপ একটি ছবি দেখান।
হিরো আলম বলেন, ভোটের পরিবেশ খুব সুষ্ঠু। মানুষ ভোট দিতে এসেছে। ঝামেলা কিছু দেখা যায়নি। গতবার এজেন্ট বের করে দেয়ার ঘটনা থাকলেও এবার এখনো ঘটেনি এমন ঘটনা। তবে বেলা বাড়ার সাথে সাথে ভোটাররা ভোট দিতে আসবে।
মোবাইলে ঈগল প্রতীকের প্রার্থীর লোক টাকা দিয়ে ভোট কিনছে এমন একটি ছবি সাংবাদিকদের দেখিয়ে বলেন, ভোট কিনতেছে। ভোট কিনে কখনও জয় লাভ করা যায় না। ভোটের মাঠে সারাদিন থাকবেন।
তিনি আরও বলেন, রাতে আমার বাড়ি ২০০ গজ দূরে ককটেল মারা হয়েছে। আতঙ্ক সৃষ্টি করার জন্য। এ ঘটনা সারাদেশে হচ্ছে, তাই ভয় পাওয়ার কিছু নাই।
এদিকে হিরো আলমের সহকারী সুজন রহমান শুভ জানান, সকাল ১১টা পর্যন্ত তারা কাহালু উপজেলার বেশ কয়েকটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
এদিকে টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি অস্বীকার করেছেন স্বতন্ত্র প্রার্থী (ঈগল) জিয়াউল হক মোল্লা। তিনি জানান, টাকা দিয়ে ভোট কেনার বিষয়টি গুজব। নন্দীগ্রাম তিনটি সেন্টারের তার কর্মীদের সাথে ধাক্কাধাক্কির ঘটনা ঘটেছে। তবে কুয়াশার কারণে ভোটারর সকালে কম আসছে। বেলা বাড়ার সাথেসাথে ভোটার স্বতঃস্ফূর্ত ভাবে তাদের ভোট দিতে পারবেন বলে জানান।