স্মিথকে ওপেনিংয়ে পাঠানোর বিপক্ষে কামিন্স

স্টিভ স্মিথ এখন ৪ নম্বরে ব্যাট করতে নামেন। ডেভিড ওয়ার্নারের অবসরের পর তিনি ওপেনিংয়ে নামার আগ্রহ প্রকাশ করেছিলেন। তবে স্মিথকে ওপেনিংয়ে পাঠিয়ে ব্যাটিং অর্ডার এলোমেলো করতে চান না প্যাট কামিন্স। 

তিনি বলেছেন, ‘৪ নম্বরে স্মিথের পারফরম্যান্সে আমি খুবই খুশি। অবশ্যই মারনাস (লাবুশেন), স্মাজ (স্মিথ), ট্রাভ (হেড) এবং মিচেল (মার্শ) ৩, ৪, ৫ ও ৬–এ দুর্দান্ত। তাই আমার প্রাথমিক ভাবনা হচ্ছে সম্ভবত ব্যাটিং অর্ডারকে এলোমেলো না করা।’

স্মিথ ক্যারিয়ারে সবচেয়ে বেশি ৪ নম্বরেই ব্যাটিং করেছেন। ৪ নম্বরে ১১১ ইনিংসে তাঁর সেঞ্চুরি ১৯টি, গড় ৬১.৪৬। এমন সংখ্যায় যেকোনো অধিনায়কেরই খুশি হওয়ার কথা।

এর আগে স্মিথ তৃতীয় দিনের খেলা শেষে এবিসি রেডিওকে এই প্রসঙ্গে বলেছিলেন, ‘আসলে আমিও ওপরে যেতে পারলে খুশিই হব। আমি খুবই আগ্রহী, এটাই যদি তারা করতে চায়। আমি নিশ্চিত, নির্বাচকেরা ও রন (অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড) এবং প্যাটি (কামিন্স) এই ম্যাচের পর এই প্রসঙ্গে আলোচনা করবে। তবে হ্যাঁ, আমি নিশ্চিতভাবেই আগ্রহী।’