প্রকাশ্যে নিজের ভোট দিলেন ধর্ম প্রতিমন্ত্রী

গোপন কক্ষে না গিয়ে প্রকাশ্যে নিজের ভোট দিলেন জামালপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।

রবিবার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ইসলামপুর উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে তিনি ভোট দেন। এ সময় তার সাথে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, দলীয় নেতাকর্মীসহ কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপস্থিত ছিলেন।

দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে কেন্দ্রে প্রবেশ করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল। এরপর নেতাকর্মীরা তাকে ব্যালট পেপার দেন। তিনি কালো কাপড়ে ঘেরা গোপন কক্ষে না গিয়ে ব্যালট বাক্সের পাশে ব্যালট পেপার রেখে নৌকা প্রতীকে ভোট দেন। এরপর তিনি ব্যালট পেপার ভাজ করে ব্যালট বাক্সে ফেলেন।

এ বিষয়ে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলালকে বার বার ফোন দেয়া হলেও তার সাড়া পাওয়া যায়নি। সিরাজাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রিজাইডিং অফিসার শাহীনুর রহমান বলেন, ধর্ম প্রতিমন্ত্রী এই কেন্দ্রের ভোটার। তিনি সকাল ৯টার দিকে ভোট দিতে আসেন। তার সাথে দলীয় নেতাকর্মীরা ছিলেন। আমিও সেখানে ছিলাম। তিনি প্রকাশ্যে ভোট দেননি। তিনি ব্যালট বাক্সের পাশে ব্যালট রেখে সিল দিয়েছেন।

এমন কাজ নির্বাচন আচরণবিধি ভঙ্গের মধ্যে পড়ে কিনা এমন প্রশ্নের জবাব দিতে এড়িয়ে যান প্রিজাইডিং অফিসার শাহীনুর রহমান।

জামালপুর-২ (ইসলামপুর) আসনের সহকারী রিটার্নিং অফিসার মো. সিরাজুল ইসলাম বলেন, ভোট দেয়ার জন্য গোপন কক্ষ রয়েছে। একজন ভোটার প্রকাশ্যে ভোট দিতে পারেন না। এটি আচরণবিধি লঙ্ঘনের মধ্যে পড়ে।