ভোটারের অপেক্ষায় ভোটগ্রহণ কর্মকর্তারা, সময় কাটছে গল্পগুজবে

রাজধানীর ঢাকা-১৫ আসনের এস ও এস হারম্যান মেইনার কলেজ কেন্দ্রে ভোটারের জন্য অপেক্ষা করছেন প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সকলেই। কিন্তু ভোটারের দেখা মেলাই কষ্টকর হয়ে পড়েছে। অনেকক্ষণ পর একজন ভোটার এলেই যেন তাকে নিয়ে উৎসুক হয়ে পড়ছেন সবাই।

আজ রবিবার বেলা সাড়ে ১২টার দিকে এই প্রতিষ্ঠানের দুটি নারী কেন্দ্র ঘুরে দেখা যায়, ভোট গ্রহণকারী কর্মকর্তারা গল্প-গুজব করে সময় কাটাচ্ছেন। ভোটার না থাকায় অনেকেই হাঁটাহাঁটি করছেন। প্রতি কেন্দ্রের চারটি বুথের অবস্থা একই।

কেন্দ্র-৭ এর প্রিজাইডিং অফিসার দেশ রূপান্তরকে জানান, মোট ভোটার ২ হাজার ১২১ জন। ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬৫টি। আর ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১৪০টি।

কেন্দ্র-৮ এর প্রিজাইডিং অফিসার মো. রেজাউর রহমান জানান, মোট ভোটার ২ হাজার ১০৭ জন। ১০টা পর্যন্ত ভোট পড়েছে ৬৪টি। ১২টা পর্যন্ত ভোট পড়েছে ১১২টি।

ঢাকা-১৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব কামাল আহমেদ মজুমদার। এ ছাড়া আরো সাতজন প্রার্থী রয়েছেন এই আসনে।