প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগ প্রিজাইডিং অফিসার প্রত্যাহার

প্রকাশ্যে ভোটগ্রহণের অভিযোগে রাজবাড়ী-২ (পাংশা-বালিয়াকান্দি-কালুখালী) আসনের হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মুহাম্মদ ফরিদ সেখকে প্রত্যাহার করা হয়েছে।

আজ রবিবার (০৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টায় তাকে প্রত্যাহার করা হয় বলে নিশ্চিত করেন কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রির্টানিং অফিসার খান মো. আব্দুল্লা আল মামুন।

তিনি বলেন, রাজবাড়ী-২ আসনের কালুখালী উপজেলার হাঁড়িভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন গোপালপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুহাম্মদ ফরিদ সেখ।

আব্দুল্লা আল মামুন যোগ করেন, আমাদের কাছে অভিযোগ আসে ওই ভোটকেন্দ্রে প্রকাশ্যে ভোটগ্রহণ করা হচ্ছে। আমরা তাৎক্ষণিকভাবে বিষয়টি তদন্ত করে অভিযোগের সত্যতা পাই। যে কারণে তাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে সহকারী প্রিজাইডিং অফিসার সুশান্ত কুমার রায়কে প্রিসাইডিং অফিসারের দায়িত্ব দেওয়া হয়েছে।