দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট-২ আসনে ভোটার উপস্থিতি অনেকটাই কম। রবিবার দুপুর ১টা পর্যন্ত আসনটির আদিতমারী ও কালীগঞ্জ উপজেলা ঘুরে এমন চিত্রই দেখা গেছে। এদিকে লালমনিরহাট-২ আসনের জাতীয় পার্টি মনোনীত প্রাথী দেলোয়ার হোসেন দুপুর ১২টার দিকে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন।
জাতীয় পার্টির প্রাথী দেলোয়ার হোসেন বলেন, ভোটে ব্যাপক অনিয়ম, জাল ভোট ও পেশি শক্তির প্রয়োগ হচ্ছে। বিষয়গুলো প্রশাসনের দৃষ্টিতে আনা হলেও তারা কার্যকর কোনো উদ্দ্যোগ না নেওয়ায় ভোট বর্জন করতে বাধ্য হচ্ছি। এভাবে তো আর ভোটে থাকা যায় না।
এদিন সকাল ১১টায় খাতাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ২৪৮২টি ভোট, কিন্তু তখন পর্যন্ত কেন্দ্রটিতে ভোট দিয়েছেন ২৯০ জন ভোটার। তখন পর্যন্ত কেন্দ্রটির সামন খাঁ-খা করছিল।
আদিতমারী উপজেলার সারপুকুর চওরাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপুর ১২টায় গিয়ে কথা হয় আজাদুর রহমান (৫৫) নামের এক ভোটারের সঙ্গে। কথা হলে তিনি বলেন, এখন পর্যন্ত তিনি তার ভোটটি দেননি। কেন দেননি এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ভোট দিয়া কি হইবে! যায় (যিনি) হবার তায় (তিনি) তো হইবে।
তবে সাড়ে ১২টার দিকে ফলিমারী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কিছুটা ভিন্ন চিত্র দেখা গেছে। কেন্দ্রের বাইরে উৎসুক মানুষ জটলা করে আছে। তবে কেন্দ্রে ভোটারদের লাইন না থাকলেও লোকজন আসছে বলে জানান প্রিসাইডিং কর্মকর্তা দিলীপ কুমার রায়। তিনি জানান, এখন পর্যন্ত কেন্দ্রটিতে শতকরা ২০ ভাগ ভোট দিয়েছেন ভোটাররা।