বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে একটি কেন্দ্রের ৪০০ গজ দূরে একটি বাড়ির ছাদ থেকে ছয়টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার সকাল সাড়ে ১০টার দিকে শিবগঞ্জ উপজেলার বিহার বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বগুড়া ডিবির উপ-পরিদর্শক মজিবর রহমান।
মজিবর রহমান জানান, বিহার উচ্চ বিদ্যালয় কেন্দ্রের ৪০০ গজ দূরে বিহার বাজারে ইমরানের ২য় তলার বিল্ডিংয়ের ছাদ থেকে অবিস্ফোরিত অবস্থায় ছয়টি ককটেল উদ্ধার করা হয়েছে৷ এই ঘটনায় এখনও কাউকে আটক করা যায়নি।
এছাড়াও বগুড়ার কাহালু উপজেলার মুরইল মাদ্রাসা ভোটকেন্দ্রে সকাল ৮টায় ও শীতলাই স্কুলে সকাল সাড়ে ৯টার দিকে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা। অপরদিকে শনিবার দিবাগত রাতে বগুড়া শহরের বিভিন্ন ভোটকেন্দ্রের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে।