মৌসুমের মাঝপথে এসে লা লিগায় শীর্ষে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ৭ পয়েন্টের ব্যবধানে পিছিয়ে পড়েছে বার্সেলোনা। সবচেয়ে বড় কথা সাম্প্রতিক সময়ে ক্রমেই বাড়ছে এই ব্যবধান। সব প্রতিযোগিতা মিলে শেষ ছয় ম্যাচে তিনটি হার। কিন্তু তাতে কোনো সমস্যা দেখছেন না রিয়াল কোচ কার্লো আনচেলত্তি। কাতালানরা লড়াই করছে বলেই মত তার।
শনিবার কোপা দেল রে’র ম্যাচে আরানদিনার মাঠে ৩-১ ব্যবধানে জয় তুলে নেওয়ার পর বার্সেলোনা প্রসঙ্গে বলেন, ‘আমার মনে হয়, বার্সা ভালো করছে। তারা লা লিগা, চ্যাম্পিয়নস লিগ, সুপার কাপ ও কোপা দেল রে’র জন্য লড়াই করছে। অন্যদের বিশ্লেষণ করা আমি পছন্দ করি না। কিন্তু তারা সব কটি শিরোপার জন্য লড়াই করছে।’
এদিন আরানদিনাকে হারিয়ে কোপা দেল রে’র শেষ ষোলোয় উঠেছে রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস, অহেলিয়া চুয়ামেনি ও ভিনিসিউস জুনিয়রকে ছাড়াই স্কোয়াড সাজান আনচেলত্তি। আর রদ্রিগো, জুড বেলিংহ্যাম, লুকা মদ্রিচ, দানি কারবাহাল, আন্টোনিও রুডিগারকে স্কোয়াডে রাখলেও প্রথম একাদশে রাখেননি। তাদের ছাড়া অবশ্য তেমন কোনো সমস্যা হয়নি দলটির।
প্রথমার্ধে আধিপত্য নিয়ে খেললেও কোনো গোল আদায় করতে পারেনি রিয়াল। ৫৪তম মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করে নেন হোসেলু। ডি-বক্সে দিয়াজ ফাউলের শিকার হলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পরের মিনিটেই ব্যবধানে দ্বিগুণ করেন দিয়াজ।
ম্যাচের যোগ করা সময়ের প্রথম মিনিটে দিয়াজের পাস থেকে ব্যবধান আরও বাড়ান বদলি খেলোয়াড় রদ্রিগো। এর দুই মিনিট পর রালি কার্বালের শট ঠেকাতে গিয়ে নিজেদের জালে বল পাঠিয়ে দেন রিয়াল ডিফেন্ডার নাচো।
ম্যাচে নিজেদের পারফরম্যান্স নিয়ে আনচেলত্তি বলেন, ‘এটা কঠিন ছিল না, এটাই আমাদের কাজ। তারা নিজেদের খেলাটা খেলার চেষ্টা করেছে। প্রথমার্ধে তারা বেশি সুযোগ পেয়েছে। দ্বিতীয়ার্ধে শারীরিকভাবে তারা শক্তি হারিয়েছে।’
একই রাতে আরেক ম্যাচে জয় পেয়েছে লা লিগার দ্বিতীয় স্থানে থাকা দল জিরোনাও। এলচের বিপক্ষে তাদের মাঠে জিরোনার জয় ২-০ গোলে। ম্যাচে অবশ্য এলচে ভালোই লড়াই করেছিল। ৪৬ শতাংশ বলের দখল রেখে ২২টি শটও নিয়েছিল। কিন্তু কাক্সিক্ষত গোলটাই পায়নি তারা। অন্যদিকে তুলনামূলকভাবে সুযোগ কম তৈরি করলেও জয়ের জন্য প্রয়োজনীয় গোলটি ঠিকই আদায় করে নিয়েছে জিরোনা।