দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। মোট ১১৪টি ভোটকেন্দ্রে তিনি পেয়েছেন এক লাখ ৮৬ হাজার ৭৯৯ ভোট। রোববার (৬ জানুয়ারি) রাতে রিটার্নিং অফিসার আরিফুজ্জামান তার কার্যালয়ে এ বেসরকারি ফল ঘোষণা করেন।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তোফায়েল আহমেদের সবচেয়ে কাছের প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির প্রার্থী মো. শাহজাহান মিয়া লাঙল প্রতীকে পেয়েছেন ৫ হাজার ৯৮০ ভোট। অপর প্রতিদ্বন্দ্বী মশাল প্রতীকের মো. ছিদ্দিকুর রহমান পেয়েছেন তিন হাজার ৮২১ ভোট।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্য অনুযায়ী, ভোলা-১ আসনে মোট ভোটার তিন লাখ ৭৪ হাজার ৮১৪ জন। এর মধ্যে নারী ভোটার এক লাখ ৮১ হাজার ১৭৯ জন ও পুরুষ ভোটার এক লাখ ৯৩ হাজর ৬৩২ জন।
এদিক ১৯৭০ সালের পাকিস্তান জাতীয় পরিষদের নির্বাচন থেকে শুরু করে ২০২৪ সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত মোট ৯ বার সংসদ সদস্য নির্বাচিত হলেন তোফায়েল আহমেদ। এবার টানা তৃতীয়বার বিজয়ী হলেন তিনি।