ফিজারের আট

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনে টানা অষ্টমবারের মতো সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন দিনাজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার।

ভোটের দিন সকালে দুই কন্যা, স্ত্রীকে সাথে নিয়ে ফুলবাড়ী পৌরসভার চার নম্বর ওয়ার্ডের মহিলা কলেজে নিজ ভোটকেন্দ্রে ভোট দেন সাবেক এই মন্ত্রী। পরে সাংবাদিকদের নানা প্রশ্নের জবাবে তিনি অষ্টমবারে বিজয়ী হওয়ার প্রত্যাশা প্রকাশ করেন। সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোট শান্তিপূর্ণ পরিবেশে চলে বিকেল ৪টা পর্যন্ত। দুই উপজেলায় ১৪০টি কেন্দ্রের ভোট গণনা শেষে তিনি নৌকা প্রতীকে ভোট পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪২৮টি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সুপ্রিম কোর্ট ও দিনাজপুর বারের আইনজীবী স্বতন্ত্র প্রার্থী হযরত আলী বেলাল ট্রাক প্রতীকে পেয়েছেন ২৬ হাজার ৪৪২টি ভোট। দিনাজপুর ৫ আসন থেকে অ্যাডভোকেট মো. মোস্তাফিজুর রহমান ফিজার ১৯৮৬, ১৯৯১, ১৯৯৬, ২০০১, ২০০৮, ২০১৪, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে এমপি নির্বাচিত হন। এবার নির্বাচিত হয়ে আটবার সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হলেন।

দিনাজপুর-৫ আসনে জাতীয় সংসদ নির্বাচনে পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট নুরুল ইসলাম লাঙ্গল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ৫৬৫টি, ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) মো. শওকত আলী আম প্রতীকে ভোট পেয়েছেন ১ হাজার ৩৯৪টি, স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত ব্রি. জেনারেল ডা. মো. তোজাম্মেল হক ঈগল প্রতীকে ভোট পেয়েছেন ৬ হাজার ২০১টি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করলেও জাকের পার্টির হারুনুর রশিদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।