বহুতল ভবনের নির্মাণাধীন লিফটের ফাঁকে পড়ে খন্দকার জনি (৩৯) নামের এক মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকার রবিবার রাতে ফতুল্লা থানার পশ্চিম দেওভোগ চাচার দোকান এলাকার খন্দকার টাওয়ারে এ ঘটনা ঘটে।
নিহত খন্দকার জনি একই টাওয়ারের নাসির খন্দকারের ছেলে। তিনি শহরের ৫ নম্বর ঘাটের মাছ ব্যবসায়ী ছিলেন।
জনির বন্ধু রোমান বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার পর তারা একসাথেই আড্ডা দিচ্ছিলেন। রাত ৮টার পর সে তার বাড়ি ফিরে যায়। রাতে ভবনটির নির্মাণাধীন লিফটের ১০ তলায় ফাঁকা দিয়ে পড়ে যায় সে। পরে তাকে উদ্ধার করে প্রথমে শহরের তিন শ’ শয্যা হাসপাতালে নেওয়া হয়। পরে তাকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে রাত ১২টার দিকে মৃত্যু হয়।
তিনি আরো জানান, কী কারণে বা কেন সে ১০ তলায় উঠেছিল তা জানা যায়নি।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, রাতে নিহতের পরিবারের মাধ্যমে তিনি বিষয়টি জানতে পেরেছেন। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।