শেখ হাসিনাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিনন্দন

টানা চতুর্থবারের মতো সরকার গঠন আর পঞ্চমবারের মতো প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ অর্জনে অভিনন্দন জানিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আজ সোমবার ভারতের গঙ্গাসাগরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মমতা বলেন, 'বাংলাদেশে খুব ভালোভাবে নির্বাচন হয়েছে। আওয়ামী লিগ ক্ষমতায় ফিরেছে। হাসিনাদিকে আমি শুভেচ্ছা, অভিনন্দন জানাই। ওঁর পরিবারকেও শুভেচ্ছা। সকলে ভালো থাকুন।'

সোমবার গঙ্গাসাগর মেলাসহ (ধর্মীয় মেলা) একাধিক সরকারি প্রকল্পের উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। দুপুরে মেলার আনুষ্ঠানিক সূচনা করে বাংলাদেশ ও দেশটির সরকার এবং শেখ হাসিনাকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা দেন তিনি।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় শতভাগ আসনের ফলাফল ঘোষণা শেষে নিরঙ্কুশ জয় পেয়েছে আওয়ামী লীগ। এর মাধ্যমে দলটি টানা চতুর্থবার ক্ষমতায় আসতে যাচ্ছে।

গতকাল রবিবার রাত ৪টা পর্যন্ত নির্বাচন কমিশন থেকে বেসরকারিভাবে ঘোষিত ২৯৮টি আসনের ফলাফলে আওয়ামী লীগ পেয়েছে ২২৩টি আসন। দ্বিতীয় সর্বোচ্চ আসন পেয়েছেন স্বতন্ত্র প্রার্থীরা। এ পর্যন্ত ৬১টি আসনে স্বতন্ত্র প্রার্থীদের বিজয়ী ঘোষণা করা হয়েছে।