সিরি আ’য় রোববার আতালান্তার বিপক্ষে ১-১ গোলে ড্র করে রোমা। শুরুতে গোল হজম করার পর আর্জেন্টাইন পাওলো দিবালার পেনাল্টি থেকে গোলে সমতায় ফেরে হোসে মরিনহো নিয়োর দল। স্কোরলাইন ছাপিয়ে ম্যাচে লাল কার্ড পেয়ে নজর কেড়ে নিয়েছেন রোমা কোচ মরিনহো। সিরি আ-তে এ নিয়ে চলতি মৌসুমে তৃতীয়বার লাল কার্ড দেখলেন তিনি। যা যে কোনো খেলোয়াড়ের চেয়ে বেশি।
প্রথমার্ধের যোগ করা সময়ে রেফারির সিদ্ধান্তের বিরোধিতা করতে টাচলাইনের কাছে চলে যাওয়ায় প্রথম হলুদ কার্ড দেখেন মরিনহো। ড্র থাকা ম্যাচে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে আবার মেজাজ হারান তিনি। রেফারির সঙ্গে ঝামেলায় জড়ান ফের। আবারও দেখানো হয় হলুদ কার্ড এবং পরে লাল কার্ড।
আগামী দুই ম্যাচের জন্যও নিষিদ্ধ হয়েছেন তিনি। থাকতে পারবেন না ডাগআউটে।
লিগে রোমার অবস্থাও খুব খারাপ। গত মৌসুমে ষষ্ঠ হওয়া দলটি এবার ১৯ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে আছে অষ্টম অবস্থানে।