ব্রাজিলিয়ান উইঙ্গার ভিনিসিউস জুনিয়রকে বর্ণবাদী আক্রমণ ঘিরে ম্যাচ-পরবর্তী মন্তব্য করে বেনফিকা কোচ হোসে মরিনহো বড় ভুল করেছেন বলে মন্তব্য করেছেন বায়ার্ন মিউনিখ কোচ ভিনসেন্ট কোম্পানি। তিনি মরিনহোর কঠোর সমালোচনা করেছেন।
চ্যাম্পিয়ন্স লিগে রিয়াল মাদ্রিদ ১–০ গোলে বেনফিকাকে হারানোর ম্যাচে একমাত্র গোল করেন ভিনিসিউস। গোল উদ্যাপনের জন্য তিনি হলুদ কার্ড দেখেন। পরে তিনি অভিযোগ করেন, প্রতিপক্ষ উইঙ্গার জিয়ানলুকা প্রেস্টিয়ানি তার বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য করেছেন। বিষয়টি তদন্ত শুরু করেছে উয়েফা। যদিও প্রেস্টিয়ানি অভিযোগ অস্বীকার করেছেন।
ম্যাচের পর বেনফিকা কোচ মরিনহো বলেন, ভিনিসিউসের উদ্যাপন ছিল ‘অসম্মানজনক’ এবং ক্লাব কিংবদন্তি ইউসেবিওর উদাহরণ দিয়ে দাবি করেন, বেনফিকা বর্ণবাদী ক্লাব নয়। গোল করেই যেভাবে বেনফিকার দর্শকদের ওদিকে গিয়ে ভিনিসিউস উদযাপন করেছে, সেটা ঠিক হয়নি বলে মন্তব্য করেন ক্যারিয়ারে নানা সময়ে বিতর্কের জন্ম দেওয়া এই কোচ।
এ বিষয়ে প্রাক-ম্যাচ সংবাদ সম্মেলনে কোম্পানি বলেন, ‘ম্যাচের পর একটি দলের প্রধঅন কোচ হোসে মরিনহো মূলত ভিনিসিউস জুনিয়রের চরিত্র নিয়ে আক্রমণ করেছেন। তার উদ্যাপনকে সামনে এনে বর্তমান পরিস্থিতিকে খাটো করার চেষ্টা করেছেন। নেতৃত্বের দিক থেকে এটি বড় ভুল এবং এমন কিছু আমরা মেনে নিতে পারি না।’
ইউসেবিওর নাম টেনে আনার বিষয়েও তিনি সমালোচনা করেন, ‘আপনি কি জানেন, ষাটের দশকে কৃষ্ণাঙ্গ ফুটবলারদের কী সহ্য করতে হতো? মরিনহো কি প্রতিটি অ্যাওয়ে ম্যাচে ইউসেবিওর সঙ্গে ছিলেন? তখন তাদের হয়তো একটাই পথ ছিল - চুপ থাকা, কিছু না বলা, সবার চেয়ে দশগুণ ভালো খেলেও সামান্য স্বীকৃতি পাওয়া। সেটাই ছিল ইউসেবিওর জীবন।’
এই সমালোচনার সরাসরি জবাব দেননি মরিনহো। ক্লাব মিডিয়াকে তিনি বলেন, ‘ম্যাচটি সব দিক থেকেই খুব কঠিন ছিল। পঞ্চাশ মিনিট পর্যন্ত এটি দুর্দান্ত ও অত্যন্ত দাবিদার ম্যাচ ছিল। কিন্তু এরপর থেকে যা ঘটেছে, তা আবেগের দিক থেকে সামলানো সহজ হয়নি এবং এখনও হচ্ছে না।’
দক্ষিণ আফ্রিকার সাবেক স্ট্রাইকার বেনি ম্যাকার্থি মনে করেন, মরিনহোর কথাগুলো ভুল ছিল, ‘পরিস্থিতিটি তিনি আরও ভালোভাবে সামলাতে পারতেন বা শব্দ বেছে নিতে পারতেন। আবেগ তাকে প্রভাবিত করেছে। তিনি যে মন্তব্য করেছেন তা খুবই ভুল। তবে আমরা সবাই মানুষ, ভুল করি। আমি ব্যক্তিগতভাবে তাকে চিনি - আফ্রিকান খেলোয়াড়দের প্রতি তার আচরণ খুব ভালো। আশা করি পরে তিনি স্বীকার করবেন যে তিনি ভুল করেছেন।’
সালাহউদ্দিন জানালেন, 'আসিফ নজরুলের কথায় দুজন ক্রিকেটার কোমায় চলে গিয়েছিল'
‘মহসিন নাকভির উস্কানিতে বিশ্বকাপ খেলেনি বাংলাদেশ’