চট্টগ্রাম-১০ আসনের পাহাড়তলীতে পিস্তল উঁচিয়ে গুলি করা সেই যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। তার নাম নাম শামীম আজাদ ওরফে ব্ল্যাক শামীম।
সোমবার (৮ জানুয়ারি) চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তি এ তথ্য জানিয়েছে র্যাব।
র্যাবের বিজ্ঞপ্তি বলা হয়, ‘বহুল আলোচিত চট্টগ্রাম বন্দরনগরীর খুলশীর পাহাড়তলী কলেজ এলাকায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন সময়ে দুপক্ষের সংঘর্ষে প্রকাশ্যে বিদেশী আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি করে হতাহতের ঘটনায় গুলিবর্ষণকারী শামীম আজাদ ওরফে ব্লেড শামীমকে বিদেশী আগ্নেয়াস্ত্রসহ চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার করেছে র্যাব।’
জানা যায়, নগরের ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ওই যুবক। জানতে চাইলে রবিবার (৭ জানুয়ারি) বিকেলে ওয়াসিম উদ্দিন চৌধুরী বলেন, ‘আমি কিছু জানি না। আমার অনেক অনুসারী রয়েছে। তবে শামীমকে আমি চিনি।’
শামীমের দলীয় কোনো পদ না থাকলেও ছাত্রলীগের কর্মী হিসেবে নিজেকে পরিচয় দেন বলে স্থানীয় লোকজন জানান।
গতকাল সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম-১০ আসনের খুলশীর পাহাড়তলী ডিগ্রি কলেজ কেন্দ্রে নৌকা ও ফুলকপি প্রতীকের অনুসারীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হন দুজন। তারা হলেন শান্ত বড়ুয়া (৩০) ও মো. জামাল (৩২)।