পৃথক ঘটনায় ট্রেনের ধাক্কায় প্রাণ গেল দুই যুবকের

রাজধানীতে পৃথক ঘটনায় মগবাজার ও আশকোনা রেলগেটে টেনে ধাক্কায় দুই যুবক নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দর রেল স্টেশনে ঢোকার আগে আশকোনা রেলগেটে টেনের ধাক্কায় আহত হন অজ্ঞাতনামা ৩০ বছর বয়সী ওই যুবক।

অন্যদিকে রাত সাড়ে নয়টার দিকে মগবাজার রেলগেটে ট্রেনের ধাক্কা মারা যান রেজওয়ান খান সাইমুন।

ঢাকা রেলওয়ে থানাধীন বিমানবন্দর ফাঁড়ির সহকারি উপপরিদর্শক শানু মং মারমা জানান, সন্ধ্যা ছয়টার দিকে আশকোনা রেলগেটে এলাকায় রেললাইন পার হওয়ার সময় একটি ট্রেনের সঙ্গে ধাক্কা লাগে ওই যুবকের। গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন রাত ১০টার দিকে সেখানে তার মৃত্যু হয়।

এদিকে পথচারী মো. মামুন জানান, মগবাজার রেলগেটে বিমানবন্দর গামী একটি ট্রেনের ধাক্কায় আহত হন সাইমুন নামে ওই যুবক। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত রেজওয়ান খান সাইমুনের বাবার নাম আব্দুল মান্নান। মগবাজার নয়াটোলায় থাকতেন তিনি। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ দুটি মর্গে রাখা হয়েছে।