কেন্দ্রীয় কারাগারে ৩ বন্দির মৃত্যু

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০১:২১ পিএম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে ৩ বন্দি মারা গেছেন। তারা হলেন- হাজতি বন্দি আবুল বাশার (৫৮), কয়েদি বন্দি আব্দুল কাইয়ুম (৬২) ও শাহাদাত হোসেন (৪৮)।

রবিবার (৬ সেপ্টেম্বর) সকালে আবুল বাশার ও কাইয়ুমকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান শাহাদাত হোসেন।

আবুল বাশারের বাড়ি চাঁদপুরের কচুয়া থানার কুটিয়া গ্রামে। তার বাবার নাম সেকেন্দার আলী। কাইয়ুমের বাড়ি কুমিল্লার চৌদ্দগ্রাম থানার পাদুয়ার বাজার এলাকায়। শাহাদাত থাকতেন মিরপুর-২ বড়বাগ এলাকায়। তার বাবার নাম আব্দুল কাদের।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) মো. হাবিবুর রহমান জানান, কারাগারের ভিতর অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা সকাল সাড়ে ৭টায় আবুল বাশারকে ও ৯টায় কাইয়ুমকে হাসপাতালে নিয়ে আসেন। তখন চিকিৎসক পরীক্ষা নিরীক্ষা করে তাদের মৃত ঘোষণা করেন। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

কারা সূত্রে জানা যায়, হাসপাতালের ৫০২ নম্বর ওয়ার্ডে গত ২৮ আগস্ট ভর্তি করা হয় শাহাদাত হোসেনকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল পৌনে ৯টার দিকে তার মৃত্যু হয়।

সর্বশেষ সর্বাধিক পঠিত