'শান্তিতে ঘুমাও', কাইজারের মৃত্যুতে মেসি

মাঠে নিজের পছন্দমতো স্পেস নিয়ে লিওনেল মেসি খেলেছেন ক্যারিয়ারের প্রায় অনেকটা সময় জুড়ে। ফ্রি রোলের খেলোয়াড় হিসেবে জয় করেছেন অগণিত ফুটবল ভক্তের মন। তবে এই ফ্রি রোলের ফুটবল অবশ্য তার নিজের তৈরি না। এর পেছনে ছিলেন একজন জার্মান। ষাটের দশকের শেষ আর সত্তরের দশকের শুরুতে জার্মান কিংবদন্তি ফ্রেঞ্চ বেকেনবাওয়ার খেলেছিলেন ‘লিবেরো’ হিসেবে। এরপর থেকেই তা বেশ জনপ্রিয়। ফুটবল বিশ্বে সর্বকালের অন্যতম সেরা এই তারকা পরপারে গিয়েছেন গতকাল সোমবার। 

বেকেনবাওয়ারের প্রস্থানে শোকাহত ফুটবল দুনিয়া। সেই শোক স্পর্শ করেছে লিওনেল মেসিকেও। জার্মান কিংবদন্তি এই ফুটবলারের প্রস্থানের পর নিজের ইন্সটাগ্রামে তার ছবি পোস্ট করেছেন মেসি। শোকের বার্তা হিসেবে লিখেছেন ‘শান্তিতে ঘুমাও।’ 

জার্মান কিংবদন্তির মৃত্যু স্পর্শ করেছে মেসির সতীর্থ এবং বিশ্বকাপজয়ী লেফট ব্যাক নিকোলাস টালিয়াফিকোকেও। জার্মানির জার্সি পরিহিত বেকেনবাওয়ারের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইতিহাসের অন্যতম সেরা ডিফেন্ডার। শান্তিতে ঘুমাও কাইজার।