যশোরে লিফলেট বিতরণকালে বিএনপি নেতাকর্মীদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১২টার দিকে শহরের বড়বাজারের কাপুড়িয়াপট্টিতে এ ঘটনা ঘটে। তবে যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক ঘটনা জানেন না বলে দাবি করেছেন। তিনি বলেন, পুলিশের লাঠিচার্জ করার কথা না।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নির্বাচন প্রত্যাখান করায় ভোটারদের ধন্যবাদ জানিয়ে তারা লিফলেট বিতরণ করছিলেন। মাঝামাঝি পর্যায়ে আকস্মিকভাবে পুলিশ চারদিক থেকে ঘিরে তাদের ওপর নির্বিচারে লাঠিচার্জ শুরু করে। এতে তাদের অন্তত ২৫ নেতাকর্মী আহত হন। লাঠিচার্জের শিকার হয়েছেন তিনিও।
তিনি অভিযোগ করেন, কোনো বিশৃঙ্খলা বা উসকানি ছাড়াই পুলিশ পেছন থেকে লাঠিচার্জ শুরু করে। কর্মসূচিতে বিপুল সংখ্যক মহিলা দলের নেতাকর্মীও ছিলেন। তাদেরকেও রেহাই দেয়নি পুলিশ। আমরা চলে যাচ্ছি বললেও তারা থামেনি।
কর্মসূচিতে অংশ নিয়েছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী।
যশোর কোতয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক বলেন, লাঠিচার্জের কোনো ঘটনা জানা নেই। পুলিশের তো লাঠিচার্জ করার কথা না।
এ ঘটনায় জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইনের সাথে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
তবে লাঠিচার্জে আহত কেউ হাসপাতালে ভর্তি হননি। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে বিএনপির নেতারা জানান।