জাবির ছাত্রী হলকক্ষে আগুন, ধারণা সিগারেট থেকে উৎপত্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফজিলাতুন্নেছা হলের একটি কক্ষে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে হলের আট তলার কয়েকজন শিক্ষার্থী ৮১০ নম্বর কক্ষে ধোয়া দেখতে পান। পরে শিক্ষার্থীরা বিষয়টি হল কর্তৃপক্ষকে জানিয়েছেন। বিষয় নিশ্চিত করেছেন হল সুপারের দায়িত্বে থাকা ফাতেমা বেগম।

তিনি বলেন, ‘আজ সকাল সাড়ে ৯টার দিকে আট তলার কয়েকজন শিক্ষার্থী এসে ৮১০ নম্বর কক্ষে ধোয়া ওড়ার কথা জানান। তৎক্ষনিক লোকজন নিয়ে ওই কক্ষে গিয়ে দেখা যায়, রুমটি তালাবদ্ধ। দ্রুত তালা ভেঙে রুমে ঢোকা হয়। তবে অনেক ধোয়া ছিল যে রুমে ঢোকা যাচ্ছিল না।’

তিনি আরো বলেন, ‘এই কক্ষে ৪ জনের আসন বরাদ্দ আছে। তার মধ্যে দুই জন ছাত্রী পড়াশোনা শেষ হয়ে যাওয়ায় ইতিমধ্যে হল ক্লিয়ারেন্স দিয়ে কক্ষ ছেড়ে দিয়েছে। বাকী দুইজন হলে অনিয়মিত থাকে বলে শিক্ষার্থীদের সাথে কথা বলে জেনেছি। তবে আগের রাতে ওই কক্ষে বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের স্নাতকোত্তরের এক শিক্ষার্থী ছিলেন বলে জেনেছি।’

আগুন লাগার উৎস জানতে চাইলে ফাতেমা বেগম বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি সিগারেট থেকে এই আগুন লেগে থাকতে পারে। আমরা রুমে ঢুকে একটি বিছানা পুড়ে যাওয়া অবস্থায় পাই এবং বিছানার ওপর সিগারেটের এ্যাস-ট্রে ছিল। সেটা প্লাস্টিকের থাকায় পুড়ে গিয়ে আগুন লেগে থাকতে পারে বলে ধারণা করছি।’

হলের দায়িত্বরত ইলেকট্রিশিয়ান আব্দুল হামিদ বলেন, ‘সিগারেটের এ্যাসট্রে থেকেই আগুন লেগেছে বলে মনে হচ্ছে।’

এ ব্যাপারে ফজিলাতুন্নেসা হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ছায়েদুর রহমান বলেন, ‘ঘটনা আমি শুনেছি। অসুস্থ থাকায় হলে যেতে পারিনি, আপাতত ছুটিতে আছি। আগামীকাল হলে গিয়ে কী করা যায় সে সিদ্ধান্ত নেব।’