পাঁচ দশকেরও বেশি সময়ের পথচলা উদযাপন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (জাবিসাস)। সংগঠনটির ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত হয়েছে আলোচনা সভা ও স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের জান্নাতুল ফেরদৌস সিনেট হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল ইসলাম। বক্তব্যে তিনি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি বা গাফিলতি থাকলে তা সুনির্দিষ্টভাবে তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, সাংবাদিকরা প্রশাসনের ভুল ধরিয়ে দেবেন, আর প্রশাসন তা সংশোধনের উদ্যোগ নেবে।
উপাচার্য আরও বলেন, শিক্ষার গুণগত মান নিশ্চিত করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে চায় বর্তমান প্রশাসন। এ লক্ষ্যে একাডেমিক ক্যালেন্ডার কঠোরভাবে বাস্তবায়ন এবং পুরো ক্যাম্পাসকে সার্বক্ষণিক নিরাপত্তার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
জাবিসাসের সভাপতি মাহ্ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামসুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. সোহেল রানা এবং জাবিসাসের উপদেষ্টা অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম।
এ সময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, ছাত্রসংগঠনের নেতাকর্মী, জাকসুর সাবেক নেতৃবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৯৭২ সালে প্রতিষ্ঠিত জাবিসাস দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ঘটনা, সমস্যা ও সম্ভাবনা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে কাজ করে আসছে। প্রতিষ্ঠার ৫৫ বছর পূর্তি উপলক্ষে সংগঠনটি স্মারক গ্রন্থ ‘অনির্বাণ’ প্রকাশ করেছে।