২০০৭ সাল। মুক্তি পেয়েছে বলিউডের অন্যতম হিট ছবি ‘জব উই মেট’। ইমতিয়াজ আলী পরিচালিত এই ছবিতে ‘আয়ো গে জব তুম হো’ নামে একটি গান গেয়েছিলেন উস্তাদ রশিদ খান। আজ মঙ্গলবার তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে অনেকেই গুনগুন করছেন এই গান।
আবেগ, প্রেম, বিরহ সব উজার করে দিয়েছিলেন উস্তাদ রশিদ খান। ফলে বলিউডের এভারগ্রিন গানের তালিকায় স্থান করে নিয়েছে ‘আয়ো গে জব তুম হো’। অনেকের বিশ্বাস, এই গান প্রজন্মের পর প্রজন্মের কাছে থেকে যাবে। তবে গানটির সুর হয়েছিল সিনেমাটির বহু বছর আগে।
তখনও গানের লিরিকস তৈরি হয়নি। ছবির সঙ্গীত পরিচালক সন্দেশ শাণ্ডিল্য জানিয়েছেন, ছবির জন্য লেখা হয়নি এই গান। নব্বই দশকে অনেকেই নিজের জন্য গান সুর করতেন। সেসব গান অনেক ছবিতে ব্যবহৃত হত। আবার কোনো কোনো গান থেকে যেত শিল্পীর কাছেই।
তেমনই উদ্দেশ্যহীনভাবে জন্ম নিয়েছিল ‘আয়ো গে জব তুম হো’। সঙ্গীত পরিচালক বলেন, সেই সময় আমি ফিয়াজ আনওয়ারের সঙ্গে কাজ করছি। সুর শুনে তিনি সেই সময় মুখরা লিখে দিয়েছিলেন। এরপর কেটে যায় বহু বছর। ইমতিয়াজ আলিকে একদিন আমি এই সুর শুনিয়েছিলাম। তিনি ছবিতে গানটি ব্যবহার করবেন বলে জানান। আমি আবার গানের অন্তরার জন্য ছুটেছিলাম ফিয়াজের কাছে।
এরপর খোঁজ পড়ে গায়কের। সন্দেশ জানতেন এই গানটার প্রতি সুবিচার তিনিই করতে পারবেন যার সঙ্গীতের সেই চর্চাটা রয়েছে। কেউ যখন দিনের পর দিন সঙ্গীতচর্চা করেন, তার কণ্ঠস্বর শুনলেই বোঝা যায় পার্থক্যটা কোথায়।
কিন্তু উস্তাদ রশিদ খানের কাছে প্রস্তাব নিয়ে যেতেই তিনি প্রচুর টাকা দাবি করেন। সঙ্গীত পরিচালক সন্দেশ বলেন, ‘এটা আমাদের সামর্থ্যের বাইরে। কিন্তু আপনি এই গানটি ফেরাতে পারবেন না। কারণ আমি আপনাকে ভীষণ ভালোবাসি। তখন উনি খুশি হয়ে বলেন, ঠিক আছে, চলে এসো। আমি রেকর্ড করব।’
এক নজরে উস্তাদ রশিদ খান
উস্তাদ রশিদ খানের জন্ম ১৯৬৮ সালের ১ জুলাই, উত্তরপ্রদেশের বদায়ুতে। ছোটবেলা থেকেই তিনি সঙ্গীত পরিবারে বেড়ে উঠেছেন। উস্তাদ গুলাম মুস্তাফা খানের ভাইপো তিনি। চাচাই প্রথম শিল্পীকে মুম্বাই নিয়ে যান। সেখানে গানের তালিম নেন তিনি। এরপর উস্তাদ নিসার হুসেন খানের কাছে বাড়িতেই গানের তালিম নেন।
ইনায়েত হুসেন খাঁ-সাহিব যে ঘরানা প্রতিষ্ঠা করেছিলেন সেই রামপুর-সাসওয়ান ঘরানার শিল্পী উস্তাদ রশিদ খান। মূলত শাস্ত্রীয় সঙ্গীত গাইলেও ফিউশন বা বলিউড এবং টলিউডের ছবিতে বহু জনপ্রিয় গানও গেয়েছেন শিল্পী। ‘কিসনা’, ‘হাম দিল দে চুকে সনম’, ‘মাই নেম ইজ খান’র মতো বলিউড ছবির পাশাপাশি ‘মিতিন মাসি’, ‘বাপি বাড়ি যা’, ‘কাদম্বরী’র মতো বাংলা ছবিতেও রয়েছে তার গান।