জনগণের প্রত্যাশা পূরণে শপথ নিবেন জাপা: জিএম কাদের 

জাতীয় সংসদ সদস্য হিসেবে জাতীয় পার্টির নির্বাচিত সদস্যরা জনগণের প্রত্যাশা পূরণের লক্ষ্যে শপথ নিয়ে সংসদে যাবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেন, আমরা যেহেতু নির্বাচনে অংশ গ্রহণ করেছি। তাই এই মুহূর্তে শপথ না নিয়ে পিছু হবো না। সংসদে গিয়ে জনগণের পক্ষে কথা বলারও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। 

মঙ্গলবার (৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় রংপুর নগরীর সেনপাড়াস্থ স্কাই ভিউ বাসভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। এর আগে তিনি দ্বাদশ জাতীয় নির্নাচনে রংপুর বিভাগের পরাজিত প্রার্থীদের সাথে মতবিনিময় সভা করেন। ওই মতবিনিয় সভায় পরাজিত প্রার্থীরা শপথ না নেওয়ার বিষয়ে মতামত ব্যাক্ত করেন।

সাংবাদিকদের জিএম কাদের বলেন, এই নির্বাচনে সরকার যেখানে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে চেয়েছে, সেখানে সুষ্ঠু করেছে, আর যেখানে চেয়েছে তাদের লোকজনকে জেতাতে সেখানে তারা আমাদের লোকজনকে জোর করে সিল মেরে হারিয়ে দিয়েছে। বৈঠকের বিষয়ে জাপা চেয়ারম্যান বলেন, রংপুর বিভাগের জাপার হেরে যাওয়া প্রার্থীরা অনেকেই হতাশায় ভুগছিলেন তাই সবার সঙ্গে বসে সমস্যাগুলো শুনলাম এবং লিখিত স্টেটমেন্ট নিলাম। এই তথ্য গুলো পরবর্তীতে ফলোআপে কাজে লাগবে।

তিনি আরও বলেন, সংসদে গেলে দলকে আরও গোছানো সহজ হবে। সেই সাথে আমরা জনগণের জন্য কিছু করতেও পারব। অনেক প্রত্যাশা নিয়ে রংপুবাসী আমাকে জয়ী করেছেন। আমি রংপুরের উন্নয়নে কাজ করতে চাই।

সংসদে বিরোধী দল কে হবে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, স্বাভাবিকভাবে আমরাই বিরোধী দল হই। তারপরও কি হবে জানি না। তবে বিরোধী দল নিয়ে চিন্তা করি না।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান ও রসিক মেয়র মোস্তাফিজুর রহমান, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা আলা উদ্দিন মিয়া, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস এম ইয়াসির, সিনিয়র সহসভাপতি লোকমান হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।