নওগাঁর মান্দা উপজেলার সাবাই এলাকায় ড্রাম ট্রাক ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়েছে।এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ৬ জন।
মঙ্গলবার (৯ জানুয়ারি) রাত ৮টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের নাম পরিচয় এখনো জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ড্রাম ট্রাকটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল। এ সময় শ্রীরামপুরে ট্রাকের সঙ্গে নওগাঁগামী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপে থাকা ৩ জন নিহত হন। আহত হন ৬ জন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
মান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী সড়ক দুর্ঘটায় তিনজন নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ফায়ার সার্ভিসের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। দুর্ঘটনা কবলিত ড্রাম ট্রাক ও পিকআপ উদ্ধার করে থানায় নিতে কাজ করছে পুলিশ।