জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় গোয়াল ঘরের খড়ের গাদা থেকে মেছো বিড়ালের ৬টি বাচ্চা উদ্ধার করা হয়েছে। এ নিয়ে বিপাকে পড়েছেন গোয়ালঘরের মালিক রাজন মিয়া। তিনি পেশায় একজন শিক্ষক।
মঙ্গলবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলার হাতিভাঙ্গা ইউনিয়নের কাঠারবিল এলাকা থেকে বাচ্চাগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে গোয়াল ঘর মেরামত করা হচ্ছিল। এ সময় ঘরে থাকা খড়ের গাদা ভেঙে ফেললে বাঘের মতো দেখতে দেড় মাসের ৬টি মেছো বিড়ালের বাচ্চা দেখা যায়। খবর পেয়ে ছুটে আসেন রাজন মিয়া। পরে ৯৯৯-তে ফোন করলে বাচ্চাগুলো ছেড়ে দিতে বলে বন বিভাগ।
এ বিষয়ে রাজন মিয়া বলেন, বাচ্চাগুলো ছেড়ে দিলে স্থানীয়রা মেরে ফেলবে। তাই ৯৯৯-এর মাধ্যমে বন বিভাগে যোগাযোগ করার চেষ্টা করি। জামালপুরে বন বিভাগের প্রাণী সংরক্ষণের জায়গা না থাকায় রাতের আঁধারে বাচ্চাগুলো ছেড়ে দিতে বলা হয়েছে। এ নিয়ে আমি বিপাকে পড়েছি।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সানোয়ার হোসেন বলেন, বাচ্চা রক্ষণাবেক্ষণের কাজ বন বিভাগের। বাচ্চাগুলোর যদি অসুখ হয়ে থাকে তাহলে আমরা চিকিৎসা দিতে পারব। তাছাড়া আমাদের কিছুই করার নেই।
এ বিষয়ে জামালপুর বন বিভাগের ফরেস্টার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশেদ ইবনে সিরাজের সাথে যোগাযোগ চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ময়মনসিংহ বন বিভাগের সহকারী বন সংরক্ষক সাদেকুল ইসলাম খান বলেন, বিষয়টি আমি জানি না। খোঁজ নিয়ে অতি শিগগির বাচ্চাগুলো উদ্ধার করা হবে।