বিগত সরকার গাছ লাগানোর পরিবর্তে কেটে সাবাড় করেছে: মনি

আপডেট : ১৫ অক্টোবর ২০২৬, ০৬:১৩ পিএম

বিএনপির স্বনির্ভরবিষয়ক সহ-সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, আগের সরকার বৃক্ষরোপণে কার্যকর উদ্যোগ নেওয়ার পরিবর্তে দেশে আগে থেকে থাকা গাছপালা ব্যাপকভাবে কেটে ফেলেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে জামালপুর শহরের বাগেরহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নিলোফার চৌধুরী মনি বলেন, বাংলাদেশ ছোট একটি দেশ। এখানে এমনিতেই নানা সমস্যা রয়েছে। এর মধ্যে বৃক্ষের স্বল্পতা ও পরিবেশের ভারসাম্যহীনতা মানুষের জন্য বাড়তি উদ্বেগ তৈরি করছে। বিগত সরকারের সময় গাছ লাগানোর পরিবর্তে বিদ্যমান গাছ কেটে ফেলা হয়েছে।

তিনি বলেন, গাছপালা কমে যাওয়ায় পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং মানুষের বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানো প্রয়োজন। একই সঙ্গে লাগানো গাছের পরিচর্যা ও সংরক্ষণেও গুরুত্ব দিতে হবে।

প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় গাছের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, বনাঞ্চল ও গাছপালা ঝড়-ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি কমাতে সহায়তা করে। সুন্দরবনসহ দেশের বনভূমি সংরক্ষণ করা গেলে পরিবেশ রক্ষার পাশাপাশি দুর্যোগের ঝুঁকি মোকাবিলায়ও ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

মনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। এ উদ্যোগ সফল করতে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। প্রত্যেকে অন্তত দুটি করে গাছ লাগানোর পাশাপাশি সেগুলোর যত্ন নিলে সবুজ বাংলাদেশ গড়ার প্রচেষ্টা আরও এগিয়ে যাবে।

জামালপুর জেলা যুবদলের সদস্যসচিব ও পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী সোহেল রানা খানের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। আয়োজকেরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তিন শতাধিক ফলজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামালপুর জেলা শ্রমিক দলের সভাপতি এস এম আব্দুস সোবহান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম শফিক প্রমুখ।

সর্বশেষ সর্বাধিক পঠিত