প্রভাষক পরিচয়ে সহকারী প্রিসাইডিংয়ের দায়িত্বে ছিলেন কলেজ শিক্ষার্থী

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণার কলমাকান্দা পাবলিক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অধ্যাপক আবু তাহের খান কলেজের (কারিগরি) প্রভাষক পরিচয়ে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন কলেজ শিক্ষার্থী নাঈম মিয়া। তিনি নেত্রকোণা সরকারি কলেজের ইংরেজি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী এবং জেলার বারহাট্টা উপজেলার রায়পুর ইউনিয়নের ধলপুর গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে।
 
উপজেলা নির্বাচন অফিস ও স্থানীয় সূত্রে জানা গেছে, কলেজের অধ্যক্ষ ১৪ জন শিক্ষকের নামের তালিকা পাঠান উপজেলা শিক্ষা কর্মকর্তার কাছে। এ তালিকায় কয়েকজন শিক্ষক নিয়োগপ্রাপ্ত হলেও বাকিরা খণ্ডকালীন। তারা একইভাবে বিভিন্ন কেন্দ্রে একই পদে নির্বাচনী দায়িত্ব পালন করেন। নাঈম মিয়া তাদেরই একজন।

কলমাকান্দার কৈলাটী ইউনিয়নের বেলতলী গ্রামে অবস্থিত কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যাপক আবু তাহের খান বর্তমানে নেত্রকোণা সরকারি কলেজের উপাধ্যক্ষ। এ কলেজের অধ্যক্ষ এ কে এম আব্দুল হামিদ। তিনি নেত্রকোণা সরকারি কলেজের (অর্থনীতি বিভাগ) অবসরপ্রাপ্ত শিক্ষক। 

কলমাকান্দা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. লিয়াকত আলী বলেন, অধ্যক্ষ মহোদয় এ ধরনের তালিকা পাঠিয়ে ঠিক করেননি। বিষয়টি জানার পর তার সাথে যোগাযোগ করা হয়েছে। তবে ওই কলেজটি এমপিওভুক্ত না। শিক্ষার্থীর নাম কীভাবে তালিকায় দেওয়া হয়েছে কলেজের প্রতিষ্ঠাতা আবু তাহের খানের কাছে জানতে চেয়েছি। তিনি এখনও আমাকে জানাননি।

এ বিষয়ে ওই কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সাক্ষাৎ পাওয়া যায়নি। একাধিকবার তাদের মোবাইলে কল দিলেও তারা সাড়া দেননি।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটানিং কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, তালিকা চাওয়ায় অধ্যক্ষ তালিকা দেন। বিষয়টি জানার পর অধ্যক্ষের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি ওই শিক্ষার্থী আইসিটির (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি) খন্ডকালীন শিক্ষক ও কলেজের শিক্ষার্থী। এ ব্যাপারে কলেজের অধ্যক্ষকে কারণ দর্শানোর নোটিশ নেওয়া হয়েছে। ভবিষ্যতে কলেজটি সম্পর্কে সতর্কতা অবলম্বন করা হবে।

জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, একজন শিক্ষার্থীকে শিক্ষক বানাবার সুযোগ নেই। অধ্যক্ষ করে থাকলে ভুল করেছে। এটা যদি সুনির্দিষ্ট ও সুস্পষ্ট হয় তাহলে আইনের আওতায় আসবেন।

এ বিষয়ে জেলা জানতে রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শাহেদ পারভেজকে একাধিকবার ফোন করা হলেও তিনি সাড়া দেননি।