ভুটানে নির্বাচন: দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হচ্ছেন শেরিং তোবগে

ভুটানের সদ্য সমাপ্ত নির্বাচনে জয়ী হয়ে দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে চলেছেন পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) শীর্ষ নেতা শেরিং তোবগে। ৫৮ বছর বয়সী শেরিং তোবগে একাধারে রাজনীতিবিদ, পরিবেশ আন্দোলন নেতা এবং আইনজীবী।

এর আগে ২০১৩ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভুটানের প্রধানমন্ত্রী ছিলেন তিনি। এবারের নির্বাচনে পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ আসনে জয় পেয়েছে তার দল পিডিপি। 

হিমালয় পার্বত্য অঞ্চলের দেশ ভুটানের পার্লামেন্ট দ্বিকক্ষবিশিষ্ট। পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলির মোট আসন ৪৭টি। গতকাল বুধবার ন্যাশনাল অ্যাসেম্বলির নির্বাচন হয়েছে।

দেশটির নির্বাচন কমিশনের বরাত দিয়ে রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেল ভুটান ব্রডকাস্টিং সার্ভিস জানিয়েছে, ন্যাশনাল অ্যাসেম্বলির ৪৭টি আসনের ৩০টিতে জয় পেয়েছে পিডিপি। বাকি ১৭টি আসনে জয় পেয়েছে ভুটান তেন্দ্রেল পার্টি।

অপরদিকে শেরিং তোবগের পূর্বসূরী প্রধানমন্ত্রী লোটে শেরিং এবং তার রাজনৈতিক দল দ্রুক নিয়ামরুপ শোগপা (ডিএনটি) নির্বাচনে কোনো আসন পায়নি। ২০০৮ সালে ঐতিহ্যবাহী রাজতন্ত্র থেকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় প্রবেশ করে ভুটান। এরপর বুধবার চতুর্থ পার্লামেন্ট নির্বাচন হয় দেশটিতে।