ট্রাম্পের জনপ্রিয়তায় চ্যালেঞ্জ, মধ্যবর্তী নির্বাচনে এগিয়ে ডেমোক্র্যাটরা

আপডেট : ০৪ নভেম্বর ২০২৬, ১০:২৩ এএম

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের নিয়ন্ত্রণ নেওয়ার লড়াইয়ে বড় অগ্রগতি অর্জন করেছে ডেমোক্র্যাটরা। মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে গুরুত্বপূর্ণ কয়েকটি আসনে জয় পেয়েছে দলটি। দীর্ঘদিন ধরে রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বিভিন্ন এলাকাতেও ভালো ফল করছেন ডেমোক্র্যাট প্রার্থীরা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে এটিই প্রথম জাতীয় পর্যায়ের নির্বাচনী রায় হিসেবে বিবেচিত হচ্ছে। খবর দ্য নিউইয়র্ক টাইমস ও অ্যাসোসিয়েটেড প্রেস।

বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) তথ্য অনুযায়ী, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের সিনেট আসন রিপাবলিকানদের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে ডেমোক্র্যাটরা। পাশাপাশি জর্জিয়া ও নিউ হ্যাম্পশায়ারে নিজেদের আসন ধরে রেখেছে দলটি। প্রতিনিধি পরিষদেও রাতের প্রথম দিকে দুটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা। আসন দুটি হলো পশ্চিম নর্থ ক্যারোলাইনা ও মধ্য নিউ জার্সি।

তবে সাউথ ক্যারোলাইনা ও টেক্সাসের সিনেট আসনগুলোর ফল এখনো ঘোষণা করা হয়নি। এসব অঙ্গরাজ্যে রিপাবলিকানদের তুলনামূলক দুর্বল প্রার্থীদের বিরুদ্ধে শক্তিশালী ও অর্থায়নে এগিয়ে থাকা প্রার্থী দিয়েছে ডেমোক্র্যাটরা। ভোট গণনা হওয়া অধিকাংশ এলাকার ফলাফলে ডেমোক্র্যাট প্রার্থীরা এমন ব্যবধানে এগিয়ে রয়েছেন, যা আগে এসব এলাকায় দলটির জন্য কল্পনাতীত ছিল।

প্রতিনিধি পরিষদের আসন পুনর্বিন্যাসের মাধ্যমে নিজেদের সুবিধা বাড়ানোর রিপাবলিকানদের উদ্যোগও প্রত্যাশিত সাফল্য পায়নি বলে মনে হচ্ছে। ফ্লোরিডার তিনটি আসনে জয় পেয়েছে ডেমোক্র্যাটরা, যেগুলো রিপাবলিকানরা নিজেদের অনুকূলে আনতে নতুন করে সীমানা নির্ধারণ করেছিল। নর্থ ক্যারোলাইনার যে আসনটি ডেমোক্র্যাটরা পুনরুদ্ধার করেছে, সেটিও রিপাবলিকানদের আসন পুনর্বিন্যাস পরিকল্পনার অংশ ছিল।

জর্জিয়ায় সাবেক আটলান্টা মেয়র কেইশা ল্যান্স বটমস গভর্নর নির্বাচিত হয়েছেন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ নারী হিসেবে কোনো অঙ্গরাজ্যের গভর্নর হওয়ার রেকর্ড গড়েছেন তিনি। ১৯৯৮ সালের পর এই প্রথম জর্জিয়ায় কোনো ডেমোক্র্যাট প্রার্থী গভর্নর নির্বাচিত হলেন।

নির্বাচনের ফলাফল পর্যবেক্ষণ করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস থেকে ফলাফল দেখার পাশাপাশি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ফক্স নিউজের নির্বাচনী সংবাদ প্রচারের সমালোচনা করেছেন তিনি। তবে গুয়ামে রিপাবলিকানদের বিজয় উদ্‌যাপন করলেও যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ফলাফল নিয়ে এখনো বিস্তারিত কোনো বক্তব্য দেননি ট্রাম্প।

নিউ জার্সিতে ডেমোক্র্যাট প্রার্থী রেবেকা বেনেটের কাছে হেরে গেছেন রিপাবলিকান প্রতিনিধি টম কিন জুনিয়র। মঙ্গলবারের নির্বাচনে কোনো ডেমোক্র্যাট প্রার্থীর কাছে পরাজিত হওয়া তিনিই প্রথম ক্ষমতাসীন রিপাবলিকান প্রতিনিধি। প্রায় চার মাস জনসমক্ষে অনুপস্থিত থাকার কারণে তার কর্মক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছিল। ওই সময়ে দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার কথা জানিয়েছিলেন তিনি। তার অনুপস্থিতির কারণ হিসেবে বিষণ্নতার চিকিৎসার বিষয়টি উল্লেখ করেছিলেন।

নির্বাচনী প্রচারে ডেমোক্র্যাট প্রার্থীরা ট্রাম্প এবং চলতি বছর ইরানে শুরু হওয়া যুদ্ধকে অর্থনৈতিক সংকটের জন্য দায়ী করেছেন। তাদের দাবি, যুদ্ধ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে দেশজুড়ে মানুষের মধ্যে অসন্তোষ বাড়ছে। অন্যদিকে, রিপাবলিকানরা সামাজিক ইস্যু ও অর্থনীতি নিয়ে ডেমোক্র্যাট প্রার্থীদের চরমপন্থী হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। ঐতিহ্যগতভাবে নিজেদের শক্তিশালী অঙ্গরাজ্যগুলোতে আসন ধরে রাখাই ছিল তাদের প্রধান লক্ষ্য।

এদিকে ফ্লোরিডার সিনেট নির্বাচনে বড় ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে জয় পেয়েছেন রিপাবলিকান প্রার্থী অ্যাশলি মুডি। প্রগতিশীল ডেমোক্র্যাট প্রার্থী অ্যাঞ্জি নিক্সনকে হাড্ডাহাড্ডি লড়াইয়ে পরাজিত করেছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর মেয়াদ পূর্ণ করতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়।

আলাস্কায় বুধবার স্থানীয় সময় রাত ১টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। ফলে সব আসনের ফলাফল জানতে আরও সময় লাগতে পারে। বিশেষ করে যেসব আসনে প্রতিদ্বন্দ্বিতা কাছাকাছি, সেগুলোর ভোট গণনা শেষ হতে কয়েক দিন বা তারও বেশি সময় লাগতে পারে।

তবে এবারের নির্বাচনে ভোটারদের ব্যাপক অংশগ্রহণের চিত্র দেখা গেছে। দেশজুড়ে লাখো মানুষ ভোট দিয়েছেন। গুরুত্বপূর্ণ সিনেট আসনগুলোর প্রতিটিতেই আগের মধ্যবর্তী নির্বাচনের তুলনায় আগাম ভোটের সংখ্যা বেশি ছিল।

টেক্সাসে মোট ভোটের সংখ্যা এক কোটির বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এর ফলে গত দুটি মধ্যবর্তী নির্বাচনের যেকোনোটির মোট ভোটের সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে এবারের ভোট। অন্যদিকে, জর্জিয়ার নির্বাচন কর্মকর্তার তথ্য অনুযায়ী, নির্বাচনের দিন ভোটার উপস্থিতি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দিনের উপস্থিতিকেও ছাড়িয়ে যাওয়ার পথে ছিল।

সর্বশেষ সর্বাধিক পঠিত