বিশ্ব ফুটবলের সবাইকে কাঁদিয়ে অনন্তে পাড়ি জমিয়েছেন ফুটবল কিংবদন্তি ফ্রাঞ্জ বেকেনবাওয়ার। জার্মান ফুটবলের ‘কাইজার’ তার নিজের দেশসহ গোটা বিশ্বের জন্যই অনুপ্রেরণার অন্য নাম। তার পরবর্তী প্রজন্মের খেলোয়াড়-কোচ প্রত্যেকের কাছেই আদর্শ হলেন বেকেনবাওয়ার। জার্মানির যেসব মানুষ বিশ্ব ফুটবলে দ্যুতি ছড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। তার হৃদয়েও বিশেষ স্থানেই আছেন কাইজার।
২০০৫ কনফেডারেশন্স কাপ ও ২০০৬ বিশ্বকাপের সময় বেকনেবা্ওয়ারকে কাছ থেকে জানার সুযোগ পান ক্লপ। নিজের প্রিয় মানুষটির প্রয়াণে শ্রদ্ধাভরে স্মরণ করতে গিয়ে ক্লপ বলেছেন, ‘তাকে ছাড়া এই পৃথিবী অন্যরকম হয়ে যাবে, অন্ততপক্ষে আমার জন্য।’
কিংবদন্তির মৃত্যুর খবরে বড় ধাক্কা খান ক্লপ। নিজেকে সামলে নিতে তাই একটু সময় লেগে যায় তার। প্রিয় তারকার সঙ্গে পারিবারিক সম্পর্কও যে গড়ে উঠেছিল লিভারপুল কোচের। জানান, ‘তিনি আমাকে এমন কিছু শিখিয়েছিলেন, যেটা আমার জীবনের জন্য প্রয়োজন ছিল, কিন্তু আমি ওই সময় জানতাম না। তুমি বিখ্যাত হতে পারো, গণমাধ্যমের শিরোনামে অনেকবার থাকতে পারো, সবাই তোমাকে নিয়ে কথা বলবে এবং (এরপরও) তুমি নিজের মধ্যেও থাকতে পারো।’
ক্লপ আরও বলেন, ‘তিনি ছিলেন উষ্ণ-হৃদয়ের একজন মানুষ, বন্ধুবৎসল, হাসিখুশি, সঠিক সময়ে সিরিয়াস। তিনি আসলেই ছিলেন অনুপ্রেরণাদায়ী।’ অধিনায়ক ও কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ জয়ের অবিস্মরণীয় কীর্তি গড়েছিলেন বেকেনবাওয়ার। জার্মানির ১৯৭৪ বিশ্বকাপ জয়ী দলের অধিনায়ক ছিলেন তিনি। ছিলেন ১৯৯০ বিশ্বকাপ জয়ী দলের কোচও।