অবসর ভেঙে জার্মানির বিশ্বকাপ দলে ম্যানুয়েল নয়্যার

আপডেট : ২১ মে ২০২৬, ০৫:৪৪ পিএম

বিশ্বকাপকে সামনে রেখে ফুটবলপ্রেমীদের বড় চমক দিলেন জার্মানির কোচ ইউলিয়ান নাগেলসম্যান। ৪০ বছর বয়সী কিংবদন্তি গোলরক্ষক ম্যানুয়েল নয়্যারকে অবসর ভেঙে আবারও জাতীয় দলে ফিরিয়েছেন তিনি। ২০২৪ সালের ইউরো চ্যাম্পিয়নশিপের পর আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানো নয়্যারকে বিশ্বকাপের ২৬ সদস্যের চূড়ান্ত স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নয়্যারের এই আকস্মিক প্রত্যাবর্তন হফেনহাইমের ৩৫ বছর বয়সী অভিজ্ঞ গোলরক্ষক ওলিভার বাউম্যানের জন্য একটি বড় ধাক্কা। নয়্যারের ফেরার গুঞ্জন ওঠার আগ পর্যন্ত কোচ নাগেলসম্যান বাউম্যানকে নিশ্চিত করেছিলেন যে, তিনিই হতে যাচ্ছেন বিশ্বকাপের ‘নাম্বার ওয়ান’ বা মূল গোলরক্ষক। বুন্দেসলিগায় ৫০০-র বেশি ম্যাচ খেলা বাউম্যান জাতীয় দলের হয়ে ১১টি ম্যাচ খেলেছেন। তবে বাউম্যানকেও দলে রেখেছেন নাগেসম্যান। তবে নয়্যারের উত্তরসূরি ভাবা বার্সেলোনার গোলরক্ষক মার্ক-আন্দ্রে টের স্টেগেন ইনজুরির কারণে দলে জায়গা পাননি।

বায়ার্ন মিউনিখের হয়ে সাম্প্রতিক সময়ে দুর্দান্ত পারফর্ম করেছেন নয়্যার; বিশেষ করে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে তার পারফরম্যান্স সবাইকে মুগ্ধ করে, যার ফলে তাকে দলে নেওয়ার দাবি জোরালো হয়। জার্মানির হয়ে ১২৪ ম্যাচ খেলা নয়্যার সর্বশেষ ম্যাচটি খেলেছিলেন ইউরো ২০২৪-এর কোয়ার্টার ফাইনালে স্পেনের বিরুদ্ধে। তবে নয়্যারকে নিয়ে একমাত্র দুশ্চিন্তা তার ইনজুরি। বুন্দেসলিগার শেষ ম্যাচে বাঁ পায়ের পেশির সমস্যার কারণে মাঠ ছাড়েন তিনি। আগামী শনিবার স্টুটগার্টের বিপক্ষে জার্মান কাপের ফাইনালে তিনি খেলতে পারবেন কি না, তা এখনও নিশ্চিত নয়।

বৃহস্পতিবার সকাল থেকেই অফিশিয়াল ঘোষণার আগে একে একে খেলোয়াড়দের নাম প্রকাশ করতে শুরু করে। মিডফিল্ডার জশুয়া কিমিচের নাম প্রথম নিশ্চিত করা হয়। এরপর একে একে ডেনিজ উন্দাভ, নিকো শ্লটারবেক, কাই হাভার্টজ এবং বায়ার্ন তারকা জামাল মুসিয়ালার নাম ঘোষণা করা হয়। গত জুলাইয়ে ক্লাব বিশ্বকাপে পা ভেঙে যাওয়ার পর পুরোপুরি ফিট হয়েই দলে ফিরেছেন মুসিয়ালা। এছাড়া বায়ার্নের তরুণ তুর্কি লেনার্ট কার্লও দলে ডাক পেয়েছেন। তবে ইনজুরির কারণে বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন বায়ার্ন ফরোয়ার্ড সার্জ নাব্রি।

চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি এবারের বিশ্বকাপে খেলবে ‘ই’ গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ আইভরি কোস্ট, ইকুয়েডর এবং নবাগত কুরাসাও। আগামী ২৭ মে থেকে বাভারিয়ান রিসোর্ট হার্জেগেনাউরাচে শুরু হবে দলটির বিশ্বকাপ প্রস্তুতি। বিশ্বকাপের মূল মঞ্চে নামার আগে জার্মানি দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে—৩১ মে মেইনজে ফিনল্যান্ডের বিপক্ষে এবং ৬ জুন শিকাগোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে।

জার্মানির ২৬ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড

গোলরক্ষক:ওলিভার বাউম্যান (হফেনহাইম), ম্যানুয়েল নয়্যার (বায়ার্ন মিউনিখ), আলেকজান্ডার নুবেল (স্টুটগার্ট)।
রক্ষণভাগ: জশুয়া কিমিচ (বায়ার্ন মিউনিখ), নিকো শ্লটারবেক (বরুশিয়া ডর্টমুন্ড), নাথানিয়েল ব্রাউন (আইন্ট্রাখট ফ্রাঙ্কফুর্ট), ডেভিড রাউম (লাইপজিগ), ভালদেমার আন্তন (বরুশিয়া ডর্টমুন্ড), পাসকাল গ্রস (ব্রাইটন), আন্তোনিও রুডিগার (রিয়াল মাদ্রিদ), মালিক থিয়াও (নিউক্যাসল), জোনাথান তাহ (বায়ার্ন মিউনিখ)।
মিডফিল্ডার: জামাল মুসিয়ালা (বায়ার্ন মিউনিখ), জেমি লেভেলিং (স্টুটগার্ট), আলেকজান্ডার পাভলোভিচ (বায়ার্ন মিউনিখ), নাদিম আমিরি (মেইনজ), ফেলিক্স নমেচা (বরুশিয়া ডর্টমুন্ড), অ্যাঞ্জেলো স্টিলার (স্টুটগার্ট), লিওন গোরেটজকা (বায়ার্ন মিউনিখ)।
আক্রমণভাগ: কাই হাভার্টজ (আর্সেনাল), ডেনিজ উন্দাভ (স্টুটগার্ট), মাক্সিমিলিয়ান বায়ার (বরুশিয়া ডর্টমুন্ড), ফ্লোরিয়ান ভিরটজ (লিভারপুল), নিক ভোল্টমেড (নিউক্যাসল), লেনার্ট কার্ল (বায়ার্ন মিউনিখ), লেরয় সানে (গালাতাসারাই)।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত