টাঙ্গাইলের কালিহাতীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কোকডহড়া ইউনিয়নের মহিষজোড়া গ্রামে। এ ঘটনায় উভয়পক্ষের অন্তত ২৪ জন আহত হয়েছে।
গুরুতর আহত গোলাম মোস্তাফা শিকদার (৪৫) ও সেলিম শিকদার (৫০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকালে মহিষজোড়া মোড়ে দুপক্ষের এ সংষর্ষের ঘটনা ঘটে।
আহতদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাত্তার-নুরুল গ্রুপের নোমান (১৬), বেলায়েত (৪৮), আ. আলীম (৪৫), শফিকুল (৩০), আসিবুল ইসলাম (৩৫), সিয়াম শিকদার (২৬)। কালিহাতী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাছান আলী (৫০), আলীম মিয়া (১৮), আকাশ শিকদার (২৩), পলু মিয়া (৫৫), বারেক শিকদার। প্রাথমিক চিকিৎসা নিয়েছেন সিয়াম শিকদার (২৬), ইয়ানুর (৪২) ও আলমগীর (২৮)।
তোয়াজ-মিন্টু গ্রুপের আহতদের মধ্যে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মিরু মিয়া (৬৫), এনামুল হক (২৭), মীর হোসেন (৬২), আছিরুল ইসলাম (৩০), লাল মাহমুদ (৪০), এনামুল (১৮), আলমগীর হোসেন (২৮) ও শমেস উদ্দিন (৫৫)।
এ বিষয়ে নুরুল ইসলাম বলেন, গ্রামের মসজিদ ও পুকুর নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে মঙ্গলবার বিকালে আমাদের লোকজনের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা করে প্রতিপক্ষের ২০-৩০ জন। এসময় আমাদের লোকজন আহত হয়। তাদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। আমরা আজ বুধবার থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছি।
মিন্টু মিয়া বলেন, আমাদের লোকজন মোড়ে চা খাওয়ার জন্য যাওয়ার সময় তারাই আমাদের লোকজনের ওপর দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা করলে উভয়পক্ষের সংঘর্ষ হয়। আহতদের চিকিৎসায় ব্যস্ততায় আজ থানায় লিখিত অভিযোগ দেয়া হবে।
কালিহাতী থানার ওসি কামরুল ফারুক জানান, ঘটনার পর পরই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিবেশ শান্ত করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।