রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র পাহারা দেওয়া গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দেকে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি গ্রামের মৃত শিবেন্দ্রনাথ দের ছেলে।
এঘটনায় গত সোমবার (০৮ জানুয়ারি) দুপুরে গ্রাম পুলিশ সদস্যের স্ত্রী রিতা দে বাদী হয়ে বালিয়াকান্দি থানায় অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।
আজ বৃহস্পতিবার (১১ জানুয়ারি) দুপুরে বালিয়াকান্দি থানার ও উপজেলা পরিষদ চত্বরে হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বালিয়াকান্দি উপজেলা শাখা।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বালিয়াকান্দি উপজেলা শাখার সভাপতি আরিফ হোসেনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তৃতা করেন, বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী বালিয়াকান্দি উপজেলা শাখার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, হাফিজুর রহমান, শহিদুল ইসলাম, অসিত কুমার, রবীন্দ্রনাথ, মফিজ মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, ভোটকেন্দ্র পাহারা দিতে গিয়ে গ্রাম পুলিশ সদস্য রণজিৎ কুমার দে জীবন দিয়েছেন। তাকে যারা হত্যা করেছে, তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে। দ্রুত গ্রেপ্তার না করা হলে আমরা কঠোর কর্মসূচি গ্রহণ করব। আমরা চাই যেন এভাবে আমাদের আর কোনো ভাইকে হারাতে না হয়।
মামলা সূত্রে জানা গেছে, গ্রাম পুলিশ রণজিৎ কুমার দে বালিয়াকান্দি উপজেলার চর আড়কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটকেন্দ্র পাহারা দেন। গত শুক্রবার (০৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার সময় বাড়ি থেকে ভোটকেন্দ্র পাহারা দিতে বের হন। ওই বিদ্যালয়ের নৈশ প্রহরী মো. ইউসুফ হোসেনের সাথে রাতে পাহারায় ছিলেন। রাত সাড়ে ৩টার সময় রণজিৎ প্রকৃতির ডাকে সারা দেওয়ার জন্য স্কুলের পেছনে বাগানে যান। প্রায় আধাঘণ্টা পার হয়ে গেলেও ফিরে না আসায় নৈশ প্রহরী ডাকাডাকি করতে থাকেন। সাড়া না দেওয়ায় বিষয়টি নৈশ প্রহরী তার স্কুলের ম্যাডাম ও স্থানীয় ইউপি সদস্যকে ফোনে অবহিত করেন।
শনিবার (০৬ জানুয়ারি) সকাল ৫টার সময় খোঁজাখুঁজির একপর্যায়ে বিদ্যালয়ের টয়লেটের পাশে গ্রাম পুলিশের লাশ পাওয়া যায়।
মামলার তদন্ত কর্মকর্তা ও বালিয়াকান্দি থানার এসআই মো. রাজিবুল ইসলাম বলেন, হত্যাকাণ্ডটি ক্লুলেস। তদন্ত চলছে। দ্রুতই রহস্য উদঘাটন করাসহ আসামি গ্রেপ্তার হবে।