ফুলে সাজানো রিকশায় গ্রাম পুলিশকে বিদায়

আপডেট : ০২ নভেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে ব্যতিক্রমী বিদায় সংবর্ধনা পেয়েছেন কুড়িগ্রামের ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোক্তার আলী। ফুল দিয়ে সাজানো রিকশায় বসিয়ে পুরো উপজেলা ঘুরিয়ে তাকে বাড়িতে পৌঁছে দেন সহকর্মীরা। এমন ভালোবাসা ও সম্মাননায় আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সোমবার (২ নভেম্বর) তার অবসর উপলক্ষে এ আয়োজন করা হয়। এতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা অংশ নেন।

প্রথমে আনুষ্ঠানিকভাবে মোক্তার আলীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়। পরে ফুল দিয়ে সাজানো রিকশায় তাকে বসিয়ে উপজেলার বিভিন্ন সড়ক ঘুরিয়ে বাড়িতে নিয়ে যান সহকর্মীরা। এ সময় উপস্থিত ছিলেন ফুলবাড়ী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন।

বিদায়ের অনুভূতি জানিয়ে মোক্তার আলী বলেন, চাকরিজীবনের শেষ সময়ে সহকর্মীরা তাকে এতটা ভালোবাসা ও সম্মান জানাবেন, তা কখনো ভাবেননি। এমন আয়োজন তাকে আনন্দিত ও অভিভূত করেছে। সহকর্মীদের এই ভালোবাসা আজীবন মনে রাখবেন তিনি।

চেয়ারম্যান হারুন অর-রশিদ হারুন বলেন, মোক্তার আলী অত্যন্ত ভালো মনের মানুষ। দীর্ঘদিন নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন তিনি। তার অবসরজীবন সুস্থ, সুন্দর ও আনন্দময় হোক—এটাই তাদের প্রত্যাশা।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত