বিশ্বের ৮ম দুর্বল পাসপোর্টের তকমা পেয়েছে বাংলাদেশের পাসপোর্ট। বিশ্ব থেকে প্রায় বিচ্ছিন্ন দেশ উত্তর কোরিয়া ও বাংলাদেশের পাসপোর্ট রয়েছে তালিকার ৯৭তম স্থানে। যুক্তরাজ্যভিত্তিক পরামর্শক প্রতিষ্ঠান ‘হ্যানলি অ্যান্ড পার্টনার্সের’ করা ২০২৪ সালের পাসপোর্ট র্যাংকিংয়ে এ তথ্য জানা গেছে।
প্রতিষ্ঠানটি মঙ্গলবার বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্ট সূচক প্রকাশ করেছে। তবে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের থেকে নিচের অবস্থানে রয়েছে নেপাল (৯৮তম), পাকিস্তান (১০১তম) এবং আফগানিস্তানের (১০৪তম) পাসপোর্ট। গত বছরের বৈশ্বিক পাসপোর্ট সূচকের ত্রৈমাসিক সংস্করণে বাংলাদেশি পাসপোর্টের অবস্থান ছিল ৯৬তম।
সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে মালদ্বীপের পাসপোর্ট (৫৮তম)। মালদ্বীপের পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই বিশ্বের ৯৪টি দেশে ভ্রমণ করতে পারেন। এরপরই রয়েছে ভারত (৮০তম), ভুটান (৮৭তম) ও শ্রীলঙ্কা (৯৬তম)।
চলতি বছরের তালিকা অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্ট দিয়ে বিশ্বের ২২৭টি গন্তব্যের মধ্যে ৪২টিতে ভিসা ছাড়া কিংবা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করা যায়। বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে আগাম ভিসা ছাড়া ইউরোপের কোনো দেশে ভ্রমণ করা সম্ভব নয়।
হ্যানলি বৈশ্বিক পাসপোর্ট সূচক প্রকাশ শুরু করার পর থেকে এবারই প্রথম সর্বাধিক ছয়টি দেশ যৌথভাবে শীর্ষ স্থান দখল করলো। এদিকে, হেনলি সূচকে দ্বিতীয় স্থানে যৌথভাবে রয়েছে ফিনল্যান্ড, দক্ষিণ কোরিয়া ও সুইডেন। এই তিন দেশের পাসপোর্টধারীরা ১৯৩টি দেশে ভিসা ছাড়া বা অন-অ্যারাইভাল ভিসায় ভ্রমণ করতে পারেন।