প্রত্যর্পণ চুক্তিতেই দেশে আনা হবে শেখ হাসিনাকে: স্বরাষ্ট্রমন্ত্রী

শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে।

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৪:২৮ পিএম
ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতীয় পরিচয়পত্র (এনআইডি) এবং পাসপোর্টের আবেদনের বিষয়টির সত্যতা ও আইনি ভিত্তি পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সোমবার (৯ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিংয়ে সমসাময়িক নানা বিষয়ে বক্তব্য প্রদানকালে তিনি এসব তথ্য প্রকাশ করেন। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রিফিংয়ের বিস্তারিত বিষয় তুলে ধরা হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পলাতক ও দণ্ডিত আসামি শেখ হাসিনার এনআইডি ও নতুন পাসপোর্টের জন্য আবেদন করার খবর বিভিন্ন সংবাদমাধ্যমের স্ক্রলে দেখেছেন বলে উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এই আবেদনের কোনো আনুষ্ঠানিক সত্যতা তিনি এখনও পুরোপুরি নিশ্চিত হতে পারেননি। বিষয়টি সম্পর্কে নিশ্চিত হতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, শেখ হাসিনার এই আবেদনের সত্যতা ও আইনি ভিত্তি অনুসন্ধানে আইন মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে। আবেদনটি সঠিকভাবে সম্পন্ন হয়েছে কি না, এবং আইন অনুযায়ী কোনো দণ্ডিত আসামির এই মুহূর্তে আবেদন করার অধিকার রয়েছে কি না—সব দিক খুঁটিনাটি খতিয়ে দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ার বিষয়ে সালাহউদ্দিন আহমদ বলেন, ভারতে আশ্রয় নেওয়া দণ্ডিত এই আসামিকে দেশে ফিরিয়ে আনতে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ইতোমধ্যেই উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠানো হয়েছে, যেন আইন অনুযায়ী তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হয়।

একই ব্রিফিংয়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও নাশকতার ঘটনা নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি উল্লেখ করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘোলাটে করতে এবং অস্থিরতা তৈরি করতে পরাজিত শক্তি পরিকল্পিতভাবে বিভিন্ন বাস ও গুরুত্বপূর্ণ স্থাপনায় আক্রমণ চালাচ্ছে।
 
দেশের পুলিশ বাহিনী এসব অপতৎপরতা অত্যন্ত গুরুত্বের সঙ্গে প্রতিহত করছে এবং জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সর্বশেষ সর্বাধিক পঠিত